‘সুখের স্বপ্ন দেখাতে পারব না’—প্রথম দেখায় অপূর্বর কোন কথায় মুগ্ধ হলেন তটিনী?

বিয়ে নিয়ে মিথ্যা কিংবা রঙিন স্বপ্নের ফুলঝুড়ি নয়, জীবনের রূঢ় বাস্তবতা ও পারিবারিক দায়ের কথা প্রথম সাক্ষাতেই সোজাসাপ্টা জানিয়ে দিয়েছিলেন অপূর্ব। আর সম্পর্কের শুরুতে লুকোছাপাহীন এমন সততাই ছুঁয়ে যায় তটিনীর হৃদয়। সমকালীন জীবনের এমন বাস্তবমুখী ও স্পর্শকাতর প্রেক্ষাপটকে উপজীব্য করে নির্মিত হয়েছে একক নাটক ‘তুমি এসেছিলে বলে’। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা রুবেল হাসান। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নাটকের গল্পে অপূর্বকে দেখা যাবে একটি যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ছেলের চরিত্রে। বাবার অকালপ্রয়াণের পর পুরো সংসারের যাবতীয় দায়দায়িত্ব এসে চাপে তাঁর কাঁধে। সকালের নিয়মিত অফিস থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি হাজারো সমস্যা সামলাতেই পার হয়ে যায় তাঁর ব্যস্ততম দিন। জীবনের জটিল সমীকরণে নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না তাঁর। তবে একপর্যায়ে মায়ের ক্রমাগত জোরাজুরির কারণে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে সম্মত হন তিনি।

এরপরই নাটকের মোড় নেয় পাত্রী মেহরিনের (তটিনী) সঙ্গে প্রথম সাক্ষাতে। আর দশজন সাধারণ পাত্রের মতো মেহরিনকে কোনো মেকি সুখের আশ্বাস দেননি অপূর্ব। বরং প্রথম দেখাতেই নিজের জীবনের টানাপোড়েনের পুরো চালচিত্র তুলে ধরে অপূর্ব অকপটে বলেন, ‘আমি আপনাকে সুখের স্বপ্ন দেখাতে পারব না। আমার জীবন খুব সাধারণ নয়। আমার একটা সংসার আছে, অনেক দায়িত্ব আছে। আপনি যদি আমার জীবনে আসেন, আপনাকে আমার জীবনের একটা অংশ নয়, পুরো বাস্তবতাটাই গ্রহণ করতে হবে।’ সম্পর্কের সূচনায় অপূর্বর এমন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এবং নির্ভেজাল সততায় মুগ্ধতায় ভাসেন মেহরিন।

নাটকটির বিষয়বস্তু ও নির্মাণ প্রসঙ্গে পরিচালক রুবেল হাসান বলেন, ‘এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক। একটি যৌথ পরিবারের ভেতরের টানাপোড়েন দর্শক এ নাটকের গল্পে দেখতে পাবেন। আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে, যা বাইরে থেকে দেখতে বেশ সুখী ও সুন্দর। কিন্তু ভিতরের আসল খবর বা সংকট কেউ জানে না। এটি মূলত তেমনই এক বাস্তবধর্মী গল্প।’

নাটকটিতে অপূর্ব ও তটিনীর পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ বেশ কয়েকজন শক্তিমান অভিনয়শিল্পী।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।