লং ড্রাইভে এবার কেয়া পায়েল-ইরফান

জনপ্রিয় অনুষ্ঠান ‘লং ড্রাইভ’-এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী কেয়া পায়েল ও অভিনেতা ইরফান সাজ্জাদ। ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

কন্টেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। পাশাপাশি ডোয়েল স্ট্রিমিং সার্ভিসেও দর্শকরা ‘লং ড্রাইভ’ দেখতে পারবেন। এটি অনুষ্ঠানটির ওটিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

ইতোমধ্যে ‘লং ড্রাইভ’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি পর্বটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানটির ধারণার প্রবক্তা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সোমাদ্দার বলেন, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টক শো নয়; এর মাধ্যমে তারকাদের জীবনযাপন ও ব্যক্তিগত গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

সঞ্জয় সোমাদ্দার জানান, অনুষ্ঠানটিতে বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কিছু পর্বে তারকাদের ভক্তদের সঙ্গে কাটানো সময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও তুলে ধরা হবে।

অনুষ্ঠানটির প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিজীবনের অজানা গল্প এবং গাড়ি চালানোর আনন্দকে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সমাজের প্রতি দায়িত্ববোধের একটি বার্তাও দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।