বলিউডের গ্ল্যামার জগত আর রাজকীয় জীবনযাপন—এই দুইয়ের সমার্থক নাম হয়ে উঠেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে সেই বিলাসিতার এক নতুন উচ্চতা ছুঁয়ে আবারও সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এর আগে কোটি টাকার অলঙ্কার আর দামি পোশাকের জন্য প্রায়ই আলোচনায় থাকলেও, এবারের জন্মদিনে তাঁর কেক নিয়ে শুরু হয়েছে বিশ্বজুড়ে শোরগোল।
মুম্বাইয়ের বিনোদন মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, উর্বশীর বিশেষ দিনের জন্য তৈরি করা হয়েছিল সাততলার এক বিশাল ‘ডায়মন্ড কেক’। কালো রঙের এই কেকটিতে সোনালি নকশার পাশাপাশি প্রতিটি স্তরে বসানো ছিল আসল হীরা। এই হীরাখচিত কেকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি, যা শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের রীতিমতো চোখ চড়কগাছ। উর্বশীর বিলাসবহুল জীবনযাত্রার খ্যাতি অবশ্য নতুন কিছু নয়; গত বছর তিনি ১২ কোটি রুপি মূল্যের ‘রোলস রয়েস কুলিনান’ এবং ৫ কোটি রুপির ‘মার্সিডিজ জি-ওয়াগন’ কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
তবে এবারের জন্মদিনে কেবল ঐশ্বর্যের আস্ফালনই নয়, ফুটে উঠেছে উর্বশীর এক দরদী মানবিক রূপও। বিলাসিতার বিপরীতে তিনি অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন বাগেশ্বর ধামে ২৫১ জন দুস্থ মেয়ের গণবিবাহের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। অভিনেত্রী নিজে সেই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে নববিবাহিত দম্পতিদের আশীর্বাদ করেন এবং তাঁদের নতুন জীবনের শুরুতে প্রয়োজনীয় আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করেন। বড় অংকের টাকার খরচ বনাম দুস্থদের সহায়তার এই বিপরীতমুখী কর্মকাণ্ডে ভক্ত-অনুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও তাঁর মানবিক উদ্যোগটি সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে পেশাদার ক্যারিয়ারেও সুবর্ণ সময় পার করছেন উর্বশী রাউতেলা। তেলেগু ব্লকবাস্টার ‘ডাকু মহারাজ’-এ নন্দামুরি বালকৃষ্ণের সঙ্গে তাঁর অভিনয় ও ‘দাবিদি দিবিদি’ গানে তাঁর নাচের জাদু দর্শকদের দারুণ মুগ্ধ করেছে। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকে শুরু করে হিন্দি ক্রাইম ড্রামা ‘ঘুষপৈঠিয়া’—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি নজরকাড়া। সামনের দিনে তাঁর ঝুলিতে রয়েছে কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান থ্রি’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম থ্রি’-এর মতো মেগা প্রজেক্ট। এছাড়া কিংবদন্তি অভিনেত্রী পারভীন ববির বায়োপিকেও নামভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। বিলাসিতা আর কাজের ব্যস্ততার মিশেলে উর্বশী এখন বলিউডের অন্যতম চর্চিত ও প্রভাবশালী নাম।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।