বিশ্বজুড়ে কোটি ভক্তের দীর্ঘদিনের কৌতূহল ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ সম্রাজ্ঞী টেলর সুইফট এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্র্যাভিস কেলসি। নিউইয়র্ক সিটির আইকনিক এবং বিশ্বখ্যাত ভেন্যু ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এ বসছে এই হাই-প্রোফাইল বিয়ের রাজকীয় আসর। গত মঙ্গলবার (৩০ জুন) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ প্রতিবেদনে দুই নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই মেগা বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহেই। আগামী বৃহস্পতিবার ম্যানহাটনে একটি প্রস্তুতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সবার নজর থাকবে শুক্রবারের মূল আসরের দিকে, যা কি না পরদিন ভোর ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। এই বর্ণাঢ্য আয়োজনে বিশ্বের বিনোদন ও ক্রীড়া জগতের প্রায় এক হাজার নামী-দামি অতিথি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১ জুলাই) সকাল থেকেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সামনে ব্যাপক কর্মব্যস্ততা লক্ষ্য করা গেছে। বড় বড় লরিতে করে রহস্যময় সব বাক্স ও ডেকোরেশনের সরঞ্জাম আনলোড করতে দেখা গেছে কর্মীদের। তবে বিয়ের প্রস্তুতি নিয়ে সংবাদকর্মীরা প্রশ্ন করলে এক কর্মী রহস্য বজায় রেখে বলেন, ‘আমি এই বিষয়ে একটি শব্দও বলতে পারব না, আমার মুখ বন্ধ রাখার কড়া নির্দেশনা রয়েছে।’
এই ‘ব্লকবাস্টার’ বিয়েটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন নিউইয়র্ক শহরটি নিজেই এক অন্যরকম উন্মাদনায় ভাসছে। দীর্ঘ ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে শহরের প্রাণের বাস্কেটবল দল ‘দ্য নিক্স’। এর পাশাপাশি চলমান ফুটবল বিশ্বকাপের কারণে শহরজুড়ে এখন দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড়। এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই সুইফট-কেলসি জুটির বিয়ের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে প্রিয় তারকাকে এক নজর দেখতে সিয়াটলসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নিউইয়র্কে ভিড় জমাচ্ছেন।
এই বিয়ের অন্যতম চমকপ্রদ দিক হলো এর কড়া গোপনীয়তা। এমনকি বিয়ের একেবারে আগমুহূর্ত পর্যন্ত আমন্ত্রিত অতিথিদেরও ভেন্যুর নাম জানানো হয়নি। ট্র্যাভিস কেলসির দীর্ঘদিনের সতীর্থ এবং ‘টাইট এন্ড ইউনিভার্সিটি’র (টিইউ) অন্যতম প্রতিষ্ঠাতা জর্জ কিটল গত সপ্তাহে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিয়ের কার্ড পেয়েছেন ঠিকই, কিন্তু সেখানে ভেন্যুর কোনো উল্লেখ ছিল না। কিটল রসিকতা করে বলেন, ‘আমি গত রাতে ট্র্যাভিসকে ভেন্যুর বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে স্রেফ রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গেছে।’ তবে এই তারকা দম্পতি একটি বিশেষ অনুরোধ করেছেন—আগত অতিথিদের কোনো ধরনের জাগতিক উপহার না আনতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ভক্তরা এখন কেবল সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন এই দুই মহাতারকা একে অপরের হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াবেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।