রাস্তায় বের হলেই পথচারী কিংবা উৎসুক অনুরাগীদের মুখে শোনা যেত একটাই গুঞ্জন—‘ওই যে মোনালিসা যাচ্ছে।’ কারো কারো মুগ্ধ দৃষ্টি ছুঁয়ে যেত তাঁর হাসিকে, বলতেন—‘আপনার হাসি খুব সুন্দর। মোনালিসার হাসির মতোই আপনার হাসিও মিষ্টি।’ দেশের শোবিজ অঙ্গনের একসময়ের তুমুল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবাসের মাটিতেও তাঁর ভক্ত-অনুরাগীর কোনো কমতি নেই। তবে সুদূর প্রবাসে থেকেও ফেলে আসা জন্মভূমি আর ঝলমলে মিডিয়াজীবনের ফেলে আসা সোনালি দিনগুলো ভেবে প্রায়ই স্মৃতিকাতর হয়ে পড়েন এই তারকা।
সম্প্রতি নিজের ফেলে আসা ক্যারিয়ার ও সেই উন্মাদনাময় সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে মোনালিসা বলেন, ‘স্কুলজীবনে একটি পণ্যের মডেল হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যাই। এরপর স্কুলে সবাই আমাকে এক নামে চিনতেন। রাস্তাঘাটে বের হলে সবাই চিনতেন। যেখানেই যেতাম, সবাই আমাকে চিনতেন। একটি কাজের মাধ্যমেই বিশাল পরিচিতি পাই। একে একে আরও কয়েকটি পণ্যের মডেল হই। মডেল হিসেবে দেশজুড়ে পরিচিতি পাই।’
বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের জগতে মোনালিসার অন্যতম বড় পরিচিতি তৈরি হয়েছিল একটি বিউটি সোপের বিজ্ঞাপনের হাত ধরে। সেই সাফল্যের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেক পরে লিলির বিজ্ঞাপন করি। লিলির কয়েকটি বিজ্ঞাপন ভীষণ জনপ্রিয়তা পায়। আমিও অনেক জনপ্রিয়তা পাই। তখন যেখানেই যেতাম, অনেকে আমাকে “লিলি” বলে ডাকতেন। এখনো কোনো কোনো ভক্ত আমাকে লিলি বলে ডাকেন।’
জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালে ভক্তদের ভালোবাসা কীভাবে প্রকাশ পেত, সে প্রসঙ্গে স্মৃতিকাতর হয়ে অভিনেত্রী জানান, ‘প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ার পর বাসার ঠিকানায় শত শত চিঠি আসত। চিঠি আমার তেমন একটা পড়া হতো না। বেশির ভাগ চিঠিতে প্রেম-ভালোবাসার কথা লেখা থাকত। ভক্তরা বাসার ঠিকানায় শাড়ি উপহার পাঠাতেন। ফুলও পাঠাতেন। কখনো জন্মদিনে, আবার কখনো এমনিতেই এসব উপহার পাঠাতেন।’
পর্দার উজ্জ্বল আলো আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে থাকলেও মোনালিসা এখন নিউইয়র্কে নিজস্ব পেশাগত জীবনে প্রতিষ্ঠিত। বর্তমানে যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত ব্র্যান্ড টম ফোর্ড বিউটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর পাশাপাশি দেশটির একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। নিজের বর্তমান জীবনযাপন প্রসঙ্গে প্রবাসে থাকা এই তারকা একবাক্যে বলেন, ‘সবার দোয়ায় ভালো আছি।’