পিক্সারের জাদুকরী সাফল্যে কেল্লাফতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ক্রিশ্চিয়ান বেলের ‘দ্য ব্রাইড’!

হলিউডের রূপালি জগতে বড় তারকা আর বিশাল অংকের বাজেট যে সব সময় সাফল্যের গ্যারান্টি দিতে পারে না, তার প্রমাণ মিলল চলতি সপ্তাহের বক্স অফিস রিপোর্টে। একদিকে ডিজনি পিক্সারের অ্যানিমেশন সিনেমা ‘হপার্স’ যখন বিশ্বজুড়ে রাজত্ব করছে, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেছে বহুল আলোচিত সিনেমা ‘দ্য ব্রাইড’-এর ক্ষেত্রে। ৯০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটের এই চলচ্চিত্রটি দর্শকদের মাঝে নুন্যতম আগ্রহ তৈরি করতেও ব্যর্থ হয়েছে। প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস-এর জন্য এই ফলাফলকে বড় ধরণের ব্যবসায়িক ধাক্কা হিসেবেই দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

জনপ্রিয় হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেল এবং জেসি বাকলি অভিনীত ‘দ্য ব্রাইড’ প্রথম সপ্তাহে বৈশ্বিক বক্স অফিস থেকে আয় করেছে মাত্র ১৩ দশমিক ৬ মিলিয়ন ডলার। সিনেমাটি বর্তমানে গ্লোবাল চার্টের ৩ নম্বরে অবস্থান করছে। পরিসংখ্যান অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে এটি ৭ দশমিক ৩ মিলিয়ন এবং বিশ্বের অন্যান্য ৬৯টি দেশ থেকে মাত্র ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অথচ মুক্তির আগে ধারণা করা হয়েছিল যে, বিদেশি বাজার থেকে অন্তত ২২ মিলিয়ন ডলার আসবে। ১৯৩০-এর দশকের শিকাগো শহরের প্রেক্ষাপটে ফ্রাঙ্কেনস্টাইনের ছায়া অবলম্বনে তৈরি এই সিনেমাটির গল্প দর্শকদের সেভাবে টানতে পারেনি। এর প্রভাব পড়েছে জনপ্রিয় রেটিং সাইট আইএমডিবি-তেও (IMDb); যেখানে মুক্তির শুরুতে রেটিং ৭ থাকলেও তা বর্তমানে কমে ৬.১-এ ঠেকেছে।

অন্যদিকে, হলিউড মাত করছে পিক্সারের অ্যানিমেল অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা ‘হপার্স’। এক দশকের মধ্যে পিক্সার স্টুডিওর সবচাইতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এই চলচ্চিত্রটিকে। বর্তমানে এটি বক্স অফিসের এক নম্বর সিংহাসন দখল করে আছে। মাত্র সীমিত পরিসরে মুক্তি পেলেও এর আয়ের অংক ইতিমধ্যেই ৮৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। ১৯ বছর বয়সী এক প্রাণীপ্রেমী তরুণীর রহস্যময় রোমাঞ্চের গল্প দর্শক ও সমালোচক—উভয় মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ড্যানিয়েল চং পরিচালিত এই সিনেমার বর্তমান আইএমডিবি রেটিং ৭.৭।

বক্স অফিসের অন্যান্য অবস্থানের দিকে তাকালে দেখা যায়, দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্ক্রিম ৭’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৯ মিলিয়ন ডলারে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে গত মাসে মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘গোট’, যা এই সপ্তাহে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার আয় করেছে এবং এর মোট সংগ্রহ এখন ১৪৬ মিলিয়ন ডলার। আর শীর্ষ ৫-এর তালিকার শেষ নামটি হলো ‘ওয়াদারিং হাইটস’; ৭৯ মিলিয়ন ডলারের মোট সংগ্রহ নিয়ে এই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৪ মিলিয়ন ডলার। সব মিলিয়ে হলিউডের বর্তমান বাজারটি এখন অ্যানিমেশন ও সিক্যুয়েল ঘরানার ছবির দখলেই রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।