রাজশ্রী প্রোডাকশনের জনপ্রিয় গান ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ ও ‘মাইয়া যশোদা’ দেখে শৈশব কেটেছে শর্বরী বাগের। সেই রাজশ্রী প্রোডাকশনেরই পরিচালক সূরজ বরজাতিয়ার নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে শর্বরীর বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকের আগ্রহ।
গত রোববার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী রয়েল অপেরা হাউসে ছবিটির একটি গান প্রকাশ করা হয়। সংগীতসন্ধ্যার আবহে আয়োজিত অনুষ্ঠানে ছবিতে কাজের অভিজ্ঞতা এবং রাজশ্রী প্রোডাকশনের সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানান আয়ুষ্মান ও শর্বরী।
সূরজ বরজাতিয়ার সিনেমায় গান বরাবরই গল্প বলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু নাচ বা কোরিওগ্রাফি নয়, গানের মধ্য দিয়েই পারিবারিক সম্পর্ক, আবেগ এবং গল্পের নানা বাঁক তুলে ধরা হয়। ‘ইয়ে প্রেম মোল লিয়া’য় কাজ করতে গিয়ে বিষয়টি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন শর্বরী।
শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘যখনই কোনো গানের শুটিং করতাম, সূরজ স্যার “মাইয়া যশোদা” ও “দিদি তেরা দেবর দিওয়ানা”র শুটিংয়ের গল্প বলতেন। এটা ছিল আমার সবচেয়ে প্রিয় বিষয়। ছোটবেলা থেকেই গানগুলো দেখে এসেছি।’
পরিচালকের কাছ থেকে শোনা সেই পুরোনো ছবিগুলোর নেপথ্যের গল্প নিজের অভিনয়েও কাজে লাগিয়েছেন শর্বরী। তাঁর ভাষায়, ‘এই প্রথম দেখলাম, গানে শুধু কোরিওগ্রাফিকে গুরুত্ব দেওয়া হয় না। পরিবারের আবেগ, সদস্যদের মধ্যকার সম্পর্ক এবং গল্প কীভাবে এগিয়ে যাবে সবকিছুই খুব যত্ন নিয়ে তুলে ধরা হয়। একটি গান কীভাবে পুরো ছবির গল্পকে এগিয়ে নিতে পারে, সেটা এবার বুঝেছি।’
ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। রাজশ্রী প্রোডাকশনের সিনেমায় ‘প্রেম’ নামটির আলাদা একটি ঐতিহ্য রয়েছে। সালমান খান অভিনীত এই চরিত্র ভারতীয় দর্শকের কাছে দীর্ঘদিন ধরে রোমান্টিক নায়কের পরিচিত প্রতীক। এবার সেই চরিত্রের নতুন রূপে হাজির হচ্ছেন আয়ুষ্মান।
অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতিও ভাগ করে নেন অভিনেতা। তিনি বলেন, ‘পুরো পরিবারের সঙ্গে “হাম আপকে হ্যায় কৌন...!” ছবিটি দেখেছিলাম। ছবিটি দেখার পর “প্রেম” চরিত্রটির প্রেমে পড়েছিলাম, হিন্দি সিনেমার প্রেমে পড়েছিলাম। আমাদের পরিবার ছবিতে দেখানো পারিবারিক বন্ধনের প্রেমে পড়েছিল।’
সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতার একটি ব্যক্তিগত ঘটনাও জানান আয়ুষ্মান। তাঁর ভ্যানিটি ভ্যানে ঢোকার আগে পরিচালক প্রতিবার জুতা খুলে ফেলতেন। আয়ুষ্মান বলেন, ‘আমি বলতাম, “স্যার, দয়া করে জুতা খুলবেন না।” কিন্তু তিনি আমার কথা শুনতেন না, জুতা খুলেই আসতেন। আমি তাঁর পা ছুঁয়ে প্রণাম করতাম। তিনি বলতেন, “আয়ুষ্মান ভব (দীর্ঘজীবী হও)।” এরপর দৃশ্যগুলো বুঝিয়ে দিতেন। রাজশ্রীর এই ঐতিহ্যের জন্য হাততালি প্রাপ্য।’
ছোটবেলায় এমন একটি সুযোগ পাওয়ার কথা কল্পনা করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে আয়ুষ্মান বলেন, ‘এটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ১৫ বছর বয়সে কেউ যদি বলত, একদিন দেশের মানুষের প্রিয় নায়ক হয়ে উঠব, বিশ্বাসই করতাম না। সত্যি বলতে, এখনো বিশ্বাস করতে পারি না।’
ছবির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। তাঁর কাজের প্রশংসা করে আয়ুষ্মান বলেন, ‘হিমেশজি মানুষের আবেগ বোঝেন, সাধারণ দর্শকের পছন্দও বোঝেন। এই সময়ের ভারতের মানুষকে তিনি যতটা ভালো বোঝেন, খুব কম সংগীত পরিচালকই হয়তো ততটা বোঝেন।’
তবে ছবির নাম শুরুতে আয়ুষ্মানকেও কিছুটা ভাবিয়ে তুলেছিল। সূরজ বরজাতিয়ার কাছে গল্প শোনার সময় তিনি জানতে চেয়েছিলেন, ছবির নাম ‘ইয়ে প্রেম মোল লিয়া’ কেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে একই প্রশ্ন তুলেছিলেন।
কিন্তু ছবির গান শোনার পর তাঁর সেই সংশয় কেটে যায়। আয়ুষ্মানের ভাষায়, ‘সূরজ স্যার গানটি শোনানোর পর মনে হয়েছিল, ছবির জন্য এর চেয়ে ভালো নাম আর হতে পারে না। এটি ভারতের মাটির মানুষের গল্প। সূরজ বরজাতিয়া ও হিমেশ রেশমিয়ার অসাধারণ মেলবন্ধনের কারণে ছবিটি সেই মানুষের কাছে পৌঁছাবে।’
রাজশ্রীর ঐতিহ্যবাহী পারিবারিক আবহ, নতুন প্রজন্মের জুটি আয়ুষ্মান-শর্বরী এবং ‘প্রেম’ চরিত্রের পরিচিত উত্তরাধিকার সব মিলিয়ে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ নিয়ে আগ্রহ এখন আরও বাড়ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।