পাঁচ বছরের নীরবতা ভেঙে ফিরেই ইতিহাস গড়লেন এহসানুল হক বাবু, এবার কী আসছে?

 দীর্ঘ পাঁচ বছরের নীরবতা ও বিরতি কাটিয়ে নতুন কাজ নিয়ে দেশের বিনোদন অঙ্গনে ফিরেছেন চলচ্চিত্র প্রযোজক এহসানুল হক বাবু। আর ফিরেই নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘অ্যানি’র মাধ্যমে দেশের জন্য বয়ে এনেছেন নতুন আন্তর্জাতিক সম্মাননা। ইতোমধ্যে বিশ্বমঞ্চে বাংলাদেশের ওয়েব কনটেন্টের জন্য এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে এই সিরিজটি।

পাঁচ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন শুধু নতুন কোনো কাজের ঘোষণা নয়, বরং এক ঐতিহাসিক অর্জনেরও সূচনা। ‘অ্যানি’র হাত ধরেই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ কেবল সিরিজকেন্দ্রিক কোনো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজভিত্তিক আয়োজন ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয় নাজিফা তুষী অভিনীত এই মিনি সিরিজটি। সেখানে আন্তর্জাতিক দর্শক, সমালোচক এবং সংশ্লিষ্ট মহলের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায় ‘অ্যানি’। সেই সাফল্যের রেশ ধরেই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ পুরস্কার জিতে নেয় সিরিজটি। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ওয়েব কনটেন্টের ঝুলিতে যুক্ত হলো আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

কাজের সংখ্যার চেয়ে মানের ওপর জোর দেওয়া এহসানুল হক বাবু তাঁর প্রতিটি কাজের মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রকে বৈশ্বিক পরিসরে তুলে ধরেছেন। ঠিক পাঁচ বছর আগেও তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অংশীদার ছিলেন। সে সময় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। চলচ্চিত্রের সেই ঐতিহাসিক মাইলফলকের পর এবার বাংলাদেশের ওয়েব সিরিজের আন্তর্জাতিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি—যার নাম ‘অ্যানি’।

বারবার দেশের জন্য এমন বড় অর্জন বয়ে আনা প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এহসানুল হক বাবু বলেন, ‘আমরা কখনোই কোনো পুরস্কার অর্জনকে লক্ষ্য করে কাজ করিনি। আমাদের চেষ্টা থাকে এমন গল্পের পাশে দাঁড়ানোর, যেগুলোর বলার মতো শক্তি আছে এবং বিশ্বদর্শকের সঙ্গেও সংযোগ তৈরি করতে পারে। যদি সেই কাজের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন কোনো দরজা খুলে যায় বা নতুন কোনো অর্জন আসে, সেটা অবশ্যই অনেক বড় আনন্দের।’

তিনি মনে করেন, এই আন্তর্জাতিক সাফল্য কেবল একজন প্রযোজকের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি পুরো বাংলাদেশের চলচ্চিত্র ও কনটেন্ট ইন্ডাস্ট্রির সম্মিলিত অর্জন।

দেশের নির্মাতাদের সামনে বৈশ্বিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘একটি সিরিজকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর জন্য চলচ্চিত্র উৎসবের বাইরে গিয়ে সিরিজ উৎসবেও তুলে ধরা সম্ভব। আমরা “অ্যানি”র মাধ্যমে সেই উদাহরণই তৈরি করতে চেয়েছি।’

একটি কাজ থেকে আরেকটি কাজের মধ্যে চার থেকে পাঁচ বছরের দীর্ঘ ব্যবধান থাকার কারণ জানতে চাইলে এহসানুল হক বাবু জানান, মানসম্মত কাজের ক্ষেত্রে সময়ের কোনো তাড়াহুড়া তাঁরা করেন না। তাঁর ভাষায়, ‘আমাদের মধ্যে কখনো পরের কাজটা কবে—এই তাড়াহুড়া ছিল না। বরং প্রশ্ন ছিল, পরের গল্পটা বলার মতো সময় কি এসেছে? আমি মনে করি, এই ধৈর্যের কারণেই প্রতিটি কাজে আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই।’

সময়ের সাথে সাথে প্রযোজনার ভাষা ও মাধ্যম বদলে গেলেও চলচ্চিত্রের প্রতি এহসানুল হক বাবুর দায়বদ্ধতা আজও আগের মতোই দৃঢ় রয়েছে। সংখ্যার চেয়ে গুণগত মানকে প্রাধান্য দেওয়া এই প্রযোজকের বর্তমান ব্যস্ততা কাটছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রযোজক এবং উৎসব পরামর্শকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে। মূল লক্ষ্য হলো, তাঁর পরবর্তী চলচ্চিত্র প্রজেক্টটিকে শুরু থেকেই আন্তর্জাতিক পরিসরের উপযোগী করে গড়ে তোলা।

‘লাইভ ফ্রম ঢাকা’ থেকে ‘রেহানা মরিয়ম নূর’, আর এরপর ‘অ্যানি’—দর্শকদের জন্য তাঁর পরবর্তী চমক কবে আসছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন প্রকল্পের চিত্রনাট্য উন্নয়নের কাজেই এখন দীর্ঘ সময় ব্যয় করা হচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র পরামর্শকদের সঙ্গে নিয়মিত চলছে পাঠচক্র, চরিত্রের গভীর বিশ্লেষণ এবং সিনেমার দৃশ্যগত আবহ নির্মাণের ওপর বিস্তারিত আলোচনা।

প্রযোজক জানান, এবারের প্রজেক্টটিতে শুরু থেকেই আন্তর্জাতিক যৌথ প্রযোজনার বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গল্প নির্বাচন থেকে শুরু করে বাজেট কাঠামো, শুটিংয়ের লোকেশন এবং পোস্ট-প্রোডাকশন—প্রতিটি ধাপেই বৈশ্বিক মানদণ্ড অনুসরণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং ইউরোপের বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্ত রূপ পেতে এখনো কিছুটা পথ পাড়ি দেওয়া বাকি।

নতুন প্রজেক্টের নাম, আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্য জানার জন্য ভক্ত ও দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। গল্প ও প্রেক্ষাপট নতুন হলেও মূল লক্ষ্যটা তাঁর বরাবরের মতোই এক। এহসানুল হক বাবু বলেন, ‘আমি চাই, বিশ্বের যেকোনো প্রান্তে বসে কেউ যখন ছবিটি দেখবে, সে বুঝবে এটি বাংলাদেশের গল্প, কিন্তু অনুভূতিটা তার নিজের। এই লক্ষ্যেই আমরা শুরু থেকে সব কাজ করে এসেছি।’

প্রযোজক হিসেবে এহসানুল হক বাবুর পথচলা শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের শীর্ষস্থানীয় নির্মাতাদের সঙ্গে যুক্ত থেকে অর্ধহাজারের বেশি বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র এবং করপোরেট চলচ্চিত্র নির্মাণের সঙ্গে কাজ করেছেন। তাঁর প্রযোজিত জীবনীভিত্তিক বিজ্ঞাপন, ঐতিহাসিক নির্মাণ এবং সরকারি বিভিন্ন প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেম অত্যন্ত আধুনিক দৃশ্যভাষায় ফুটে উঠেছে।

শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি; দেশের চলচ্চিত্রের সামগ্রিক অবকাঠামো উন্নয়নেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এহসানুল হক বাবু। আধুনিক স্টুডিও, উন্নত ক্যামেরা, চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তিগত সহায়তা এবং শিল্পসংশ্লিষ্ট নানা কারিগরি সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, একটি ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য কেবল মেধাবী নির্মাতাই যথেষ্ট নন, বরং এর পাশাপাশি একটি শক্তিশালী প্রযোজনা কাঠামো ও উন্নত প্রযুক্তিগত পরিবেশও সমানভাবে অপরিহার্য।

নিজের ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এহসানুল হক বাবু বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, বাংলাদেশের গল্পের শক্তি অনেক বড়। সেই গল্পগুলো বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’