তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। এবার ঢাকা ও চট্টগ্রামে গান শোনাবেন তিনি। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। এর লজিস্টিক পার্টনার ঢাকা ব্রডকাস্ট।
আয়োজকেরা জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে পারফর্ম করবেন লাকি আলী।
ঢাকার কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দুই শহরেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। আজই ব্যান্ডগুলোর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইকিউবের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকিট। তিনটি শ্রেণিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে জেনারেল ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি ১২ হাজার টাকা।
সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ায় এই আয়োজন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এ বিষয়ে ইকিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু হয়েছে।
আয়োজকেরা আশাবাদী, শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে। দর্শকদের জন্য দারুণ একটি কনসার্ট উপহার দিতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব ধারা তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়।
বলিউডের প্লেব্যাকেও সফল ছিলেন তিনি। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতে মনোযোগ দেন এই শিল্পী।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।