চাঁদা না দেওয়ার জেরে দেশের অন্যতম শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে ন্যাক্কারজনক হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন আরেক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোটভাই’। সালমানের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহমর্মিতা জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওটিতে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র তুলে ধরেন সালমান। ভিডিওতে লন্ডভন্ড হয়ে যাওয়া স্টুডিওর বিভিন্ন অংশ দেখিয়ে ভগ্নহৃদয়ে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল...এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্টুডিওটির চেয়ার, টেবিল, টেলিভিশনসহ মূল্যবান আসবাব ও বিভিন্ন শুটিং সরঞ্জাম ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। এ সময় পরিস্থিতি দেখে স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
সালমান মুক্তাদিরের এমন দুঃসময়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন রাফসান দ্য ছোটভাই। সালমানের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি লেখেন, ‘বেড়ে ওঠার সময় থেকেই সালমান ভাইয়াকে আমি সব সময়ই অনুসরণ করেছি। একজন ভক্ত হিসেবে তাঁর প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাঁকে দেখেছি। এরপর তাঁকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে, জীবনে অনেক কিছু অর্জন করতে দেখেছি। পরে বাস্তব জীবনেও তাঁকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।’
পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হতে দেখে নিজের ক্ষোভ প্রকাশ করে রাফসান আরও লিখেছেন, ‘এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন।’
ভেঙে না পড়ে সালমানকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়ে রাফসান লেখেন, ‘ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।’
সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেন ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সালমানের শুভাকাঙ্ক্ষীরা।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।