বলিউডের প্রথাগত গ্ল্যামার আর ফ্যাশন সচেতনতাকে বুড়ো আঙুল দেখিয়ে বরাবরই স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক কিরণ রাও। তবে সম্প্রতি তাঁর এক ভিন্নধর্মী সাজ ও পোশাক নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বাদানুবাদ ও কটাক্ষ। ভারতীয় ধ্রুপদী সিনেমা ‘লগান’-এর মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর অদ্ভুত উপস্থিতিই মূলত এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ঐতিহাসিক এই সিনেমার ২৫ বছর উদযাপনের আসরে ছেলে আজাদকে নিয়ে হাজির হয়েছিলেন কিরণ। অনুষ্ঠানে তাঁর পরিহিত পোশাকটি ছিল এক কথায় ছকভাঙা। লাল-কালো-সাদা রঙের চেক প্রিন্টের প্যান্টের সাথে তিনি পরেছিলেন একটি সাধারণ কালো টি-শার্ট। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে টি-শার্টের ওপর বড় বড় হরফে লেখা বার্তাটি— ‘মিলে তোহ সম্পর্ক করে’ (দেখা হলে তবেই সম্পর্ক গড়ে ওঠে)। শুধু তাই নয়, আভিজাত্যের মোড়ক ছেড়ে তিনি ওড়না হিসেবে গলায় জড়িয়েছিলেন প্যান্টের চেক প্রিন্টের সাথে মিল রাখা একটি গ্রাম্য ‘গামছা’।
অনুষ্ঠানে কিরণের এই রূপের ছবি ও ভিডিও ডিজিটাল দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপে মেতে ওঠেন। অনেকেই এই পোশাকটিকে একটি বড় অনুষ্ঠানের জন্য ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন। মন্তব্যের ঘরে একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আমির খানের চতুর্থ বিয়েতেও কি আপনি এই পোশাকই পরবেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এটি কোনোভাবেই একটি গ্ল্যামারাস অনুষ্ঠানের সাজ হতে পারে না।’ আবার অনেকে কিরণের এমন অদ্ভুত পোশাকের ধরণ বুঝতেই হিমশিম খাচ্ছেন বলে খোঁচা দিয়েছেন।
বলিউডের ভেতরেই একটি বড় অংশ মনে করে, কিরণ রাও বরাবরই আধুনিক ফ্যাশন ট্রেন্ড অনুসরণ না করে নিজের আরাম ও স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করেন, পোশাক মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন হওয়া উচিত, কেবল লোকদেখানো চাকচিক্য নয়। তবে প্রথাগত গ্ল্যামার দুনিয়ায় তাঁর এই ‘নন-কনফর্মিস্ট’ বা প্রথাবিরোধী অবস্থান তাঁকে প্রায়শই প্রশংসার চেয়ে সমালোচনার মুখে ফেলে দেয়। ইতিপূর্বেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর সাধারণ সাজ নিয়ে আলোচনা হয়েছিল, তবে এবারের ‘গামছা’ ট্রেন্ড যেন ট্রোলের মাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেল।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।