রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সম্প্রতি অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহারে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর প্রদর্শনী। ছবিটি ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্রও লাভ করেছে। গত শনিবার আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশের অন্যতম আলোচিত ও জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা, পারিবারিক সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা ও বিস্ফোরক বক্তব্য দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপে সালমান স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশে তিনি আর কোনোভাবেই নতুন করে কাজ বা বিনিয়োগ করতে আগ্রহী নন। স্টুডিও ভাঙচুরের ঘটনার পর দেশত্যাগের গুঞ্জন ও দেশে কাজ করার ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’
বর্তমান পরিস্থিতিতে সরকারকে কোনো বার্তা দিতে চান কি না—এমন প্রশ্নের উত্তরে সালমান মুক্তাদির জানান, সরকারকে সরাসরি কিছু বলার মতো কোনো পরিবেশ বা সুযোগ এখনো তাঁকে দেওয়া হয়নি। অতীতে তিনি নিজ উদ্যোগে খুব আন্তরিকতার সঙ্গে প্রস্তাব দেওয়ার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। ফলে এখন কিছু বললেও তা শোনার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করেন তিনি। অন্যদিকে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর মূল্যায়ন, যাঁদের এ বিষয়ে কথা বলা উচিত, তাঁরা বললেই শ্রেয়। সাধারণ নাগরিকরা কেবল ভালো-মন্দ অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন; এ নিয়ে কথা বললে কেবল সংবাদে খবর হওয়া ছাড়া বাস্তবে কোনো ইতিবাচক পরিবর্তন আসে না। বর্তমান হতাশাজনক পরিস্থিতিতে মানুষকে নতুন কোনো বার্তা দিয়ে বাড়তি মানসিক চাপে ফেলতে চান না বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত ও পারিবারিক সংকটের কথা তুলে ধরে এই কনটেন্ট ক্রিয়েটর জানান, তাঁর পরিবার এখন এক কঠিন সময় পার করছে। সালমান বলেন, ‘এই মুহূর্তে আমরা খুবই করুণ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। একটা বড় বিপদ অতিক্রম করার চেষ্টা করছি। আমার কষ্ট হয়েছে, ক্ষতিও হয়েছে—এটা সত্যি। কিন্তু এ নিয়ে আমি খুব একটা দুঃখী কি না, তাহলে বলব, একদমই না। আমি দুঃখ প্রকাশ করে বসে থাকতে পছন্দ করি না।’ তিনি বিশ্বাস করেন, জীবনে ভালো কিছু প্রত্যাশা করলে খারাপ পরিস্থিতির জন্যও মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় এবং অভিযোগ না করে সংকট পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াই আসল কথা। কঠিন এই সময়ে জীবনসঙ্গী হিসেবে তাঁর স্ত্রীর অকুণ্ঠ সমর্থনের কথাও স্মরণ করেন তিনি।
সম্প্রতি তাঁর সঙ্গে শ্বশুরের নাম জড়িয়ে নানা অভিযোগ ওঠার প্রসঙ্গে সালমান ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো অভিযোগ ওঠার পর আত্মপক্ষ সমর্থনের কিংবা সামনাসামনি বসে কথা বলে সমাধানের কোনো সুযোগই তাঁকে দেওয়া হয়নি। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একতরফা অভিযোগ তুলে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজের মানসিক সক্ষমতা থাকায় হয়তো তিনি এই বৈরী পরিস্থিতি সামলে নিচ্ছেন; কিন্তু এমন লাগাতার অপবাদে বহু সাধারণ মানুষের ক্যারিয়ার, সুনাম ও জীবন চিরতরে শেষ হয়ে যায়। তাই এ ধরনের স্পর্শকাতর ঘটনায় সবার দায়িত্বশীল আচরণ ও জবাবদিহিতা থাকা জরুরি বলে তিনি মনে করেন। একই সঙ্গে তারকাখ্যাতি, অর্থ ও জনপ্রিয়তার পাশাপাশি তার সঙ্গে বয়ে আসা অনাকাঙ্ক্ষিত নেতিবাচক দিকগুলোও মেনে নেওয়ার মানসিকতা থাকা উচিত বলে মন্তব্য করেন এই ইউটিউবার।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।