৪৪টি চ্যাট স্ক্রিনশট ফাঁস করে তিথির বিস্ফোরক পোস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যময় মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে যে উত্তাপ ছড়িয়েছে, তাতে এবার নতুন ঘি ঢাললেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার বিকেলে নিজের ফেসবুক হ্যান্ডেলে এক দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্টের মাধ্যমে তিনি ইকরার সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের অন্তত ৪৪টি ‘স্ক্রিনশট’ জনসমক্ষে প্রকাশ করেছেন। ইকরার অনাকাঙ্ক্ষিত প্রয়াণের পর থেকেই আলভী ও তিথির সম্পর্ক নিয়ে যে তীব্র সমালোচনা ও আইনি জটিলতা তৈরি হয়েছে, এই পোস্টের মাধ্যমে মূলত তার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছেন তিথি।

ইকরার অকাল মৃত্যুকে কেন্দ্র করে তাঁর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির অনৈতিক সম্পর্কের জেরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এই অভিযোগের ভিত্তিতে ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলাও দায়ের করেছেন। সম্প্রতি নাটকের শুটিংয়ের কাজে আলভী ও তিথি নেপালে অবস্থান করেছিলেন এবং ২৭ ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। গুঞ্জন ওঠে যে, তিথির জন্মদিন উদযাপন করতেই নেপালে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। এর পরদিনই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর খবরটি এই গুঞ্জনকে আরও উসকে দেয়।

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিথি তাঁর পোস্টে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, “ভেবেছিলাম এইগুলা পাবলিকলি দিব না। প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দিব, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম আমি। আর যারা নিজেরা খুব সাধু সাজছেন, আপনারা কী, সেটার আমলনামাও আছে।” তিথির দাবি, আলভীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে তা কেবলই ‘ভুল ব্যাখ্যা’ ও ‘অপপ্রচার’। ইকরার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দাবি করে তিনি জানান, ইকরা তাঁর সঙ্গে নিয়মিত ডিপ্রেশন, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত হতাশার কথা শেয়ার করতেন।

তিথি আরও দাবি করেছেন যে, তিনি কখনোই ইকরার সংসার ভাঙার চেষ্টা করেননি। বরং স্ক্রিনশটের বরাত দিয়ে তিনি বলেন, “আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব। বরং বলেছি, তুমি তার কুইন।” ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করে তিথি বলেন, ইকরা কয়েকবারই দেশ ছেড়ে আমেরিকায় চলে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিথি তাঁকে আলভীর প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে মানসিকভাবে শক্তি জোগাতেন।

তিথির এই দীর্ঘ পোস্টে ইকরার পরিবারের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টিও ফুটে উঠেছে। তিথি দাবি করেন, ইকরা নিজেই তাঁর পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন কারণ ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার সময় তাঁর বাবা-মা তাঁকে কোনো ‘সাপোর্ট’ করেননি। ইকরার মনে সেই থেকে এক গভীর আক্ষেপ ছিল বলে দাবি করেছেন তিথি। পোস্টের শেষে তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার অনুরোধ জানান এবং ইকরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিথির এই বিপুল পরিমাণ তথ্য প্রমাণাদি প্রকাশের পর এখন ঘটনার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই তাকিয়ে আছে নেটদুনিয়া ও তদন্তকারী সংস্থা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।