একের পর এক বিতর্কে তানজিন তিশা, অনিশ্চয়তায় ‘সোলজার’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় যুক্ত হওয়ার পর থেকেই নানা ঘটনা ও অভিযোগে আলোচনায় রয়েছেন তিনি। শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ থেকে শুরু করে শাড়ি নিয়ে ফ্যাশন হাউসের সঙ্গে আইনি বিরোধ সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। এর মধ্যেই তাঁর প্রথম বাণিজ্যিক সিনেমা ‘সোলজার’-এর মুক্তি নিয়েও অনিশ্চয়তার গুঞ্জন ছড়িয়েছে।

শাড়ি নিয়ে বিরোধের জেরে দায়ের করা আগের মামলার পর এবার তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও বাদী সানায়া চৌধুরী। মামলা তুলে নিতে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। এর আগে আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানান সানায়া। পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন।

এরপর গত সোমবার (২৬ অক্টোবর) নতুন মামলাটি করেন সানায়া চৌধুরী। এ মামলায় আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, গত সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা ও সানায়ার কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। এতে শাড়ি নিয়ে দুজনের উত্তপ্ত বাক্যবিনিময় শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিশাকে বলতে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

এরই মধ্যে সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তানজিন তিশা। সেখানে তিনি দাবি করেন, তাঁর ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করতে একটি পরিকল্পিত চক্র সক্রিয় রয়েছে। শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, অভিযোগের সত্যতা যাচাই করে বিচার হওয়া উচিত আদালতে।

নিজের কাছে অনেক তথ্য ও প্রমাণ রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিশা। সেসবের যথাযথ মূল্যায়ন আদালত করবে, নাকি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিষয়গুলো সামনে আসবে এ নিয়েও প্রশ্ন রাখেন তিনি।

ব্যক্তিগত ও আইনি জটিলতার পাশাপাশি পেশাগত জীবনেও অনিশ্চয়তার মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁর প্রথম বাণিজ্যিক সিনেমা ‘সোলজার’ নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন চলছে। প্রায় এক মাস ধরে শোনা যাচ্ছে, পরিচালক একাধিকবার শিডিউল নিয়েও সিনেমাটির শুটিং শেষ করতে পারেননি।

এ ছাড়া শিল্পী ও টেকনিশিয়ানদের পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগও উঠেছে। পাশাপাশি সিনেমার কাজ শেষ না করেই সেই অর্থ দিয়ে পরিচালক সাকিব ফাহাদ ফ্ল্যাট কিনেছেন এমন গুরুতর অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এখানে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমার জন্যই ওপার বাংলার সিনেমায় কাজের সুযোগ ছেড়েছিলেন তানজিন তিশা। পাশাপাশি নাটকে কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে নানা বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যে তাঁর বহুল প্রত্যাশিত সিনেমাটির শেষ পর্যন্ত মুক্তি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।