রূপালি পর্দার ঝলমলে আলোর পেছনে মুম্বাইয়ের চলচ্চিত্রজগৎ বা বলিউডের সঙ্গে অপরাধজগতের যোগসূত্র বহু পুরোনো এক অধ্যায়। বিশেষ করে আশির দশক ও নব্বইয়ের দশকে মাফিয়াদের এই কালো ছায়া হিন্দি সিনেমার অঙ্গনকে সবচেয়ে বেশি গ্রাস করেছিল। সেই যুগে সিনেমার চিত্রনাট্য কেবল পরিচালকের টেবিলেই সীমাবদ্ধ থাকত না; বহু তারকার জীবনের গল্প ও ক্যারিয়ারের গতিপথ নির্ধারিত হতো অন্ধকার জগতের শীর্ষ গ্যাংস্টারদের অঙ্গুলিহেলনে। অর্থলগ্নিকারী, প্রযোজক, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে জনপ্রিয় সংগীতশিল্পীদের দিন কাটাতে হতো মোটা অঙ্কের চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি আর সরাসরি গুলির নির্মম আতঙ্কে। নব্বইয়ের দশকে আরব সাগরের তীরে সেই রক্তক্ষয়ী সন্ত্রাসের সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়েছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেম।
বলিউডের শীর্ষ নায়ক শাহরুখ খান ও আমির খান থেকে শুরু করে বিশ্বসুন্দরী সুস্মিতা সেন কিংবা সংগীতশিল্পী সোনু নিগম—এমন বহু মহাতারকার নাম বিভিন্ন সময়ে জড়িয়ে গিয়েছিল আবু সালেমের হুমকি ও চাঁদাবাজির নিশানা হিসেবে। অন্যদিকে মোহময়ী অভিনেত্রী মণিকা বেদির সঙ্গে সালেমের গোপন প্রেমের উপাখ্যানও একসময় আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোড়ন ফেলেছিল। হিন্দি সিনেমার অর্থায়ন, বিদেশের লাভজনক প্রেক্ষাগৃহে সিনেমার পরিবেশনা স্বত্ব দখল এবং সেলিব্রেটিদের জীবন—সবকিছুতেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এই গ্যাংস্টার।
ফুটপাতের পোশাকের দোকান থেকে অপরাধ জগতের শীর্ষ মঞ্চে
আবু সালেমের আসল নাম আবদুল কাইয়ুম আনসারি। ভারতের উত্তর প্রদেশের আজমগড় জেলার এক সাধারণ পরিবার থেকে জীবিকার তাগিদে স্বপ্ননগরী মুম্বাইয়ে পা রেখেছিলেন তিনি। আশির দশকের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের বিখ্যাত মানিশ মার্কেটে তৈরি পোশাক বিক্রির মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে আন্ধেরিতেও কাপড়ের দোকান দেন তিনি। কিন্তু বৈধ ব্যবসার আড়ালে ধীরে ধীরে স্থানীয় ছোটখাটো অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়েন সালেম।
মুম্বাই পুলিশের বরাতে ২০০১ সালের ১৬ অক্টোবর প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, একজন সাধারণ ব্যবসায়ী থেকে দুধর্ষ অপরাধী হয়ে ওঠার পথে আবু সালেমের পরিচয় ঘটে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ডানহাত ছোট শাকিলের সঙ্গে। অপরাধের প্রাথমিক দিনগুলোতে তিনি ছোট শাকিলের গাড়িচালক হিসেবে বিশ্বস্ততা অর্জন করেন। এরপর তাঁর দায়িত্ব পড়ে পেশাদার শুটার বা বন্দুকধারীদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার। একপর্যায়ে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা পেয়ে আবু সালেম নিজের একটি স্বতন্ত্র চাঁদাবাজির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। ১৯৯৩ সালের মুম্বাইয়ের ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার পর ভারত থেকে পালিয়ে দুবাইয়ে আস্তানা গাড়েন সালেম। আর সুদূর মরুশহর থেকেই মুঠোফোনে তিনি মুম্বাইয়ের চলচ্চিত্র ব্যক্তিত্বদের ওপর চাঁদাবাজির জাল বিস্তার করেন।
আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব দখলের নতুন কৌশল
আন্ডারওয়ার্ল্ডে আবু সালেমের চাঁদাবাজির পদ্ধতিটি ছিল তৎকালীন অন্য মাফিয়াদের চেয়ে কিছুটা ব্যতিক্রমী। শুধু নগদ অর্থ দাবি করেই তিনি ক্ষান্ত হতেন না; বলিউডের বড় বাজেটের ব্যবসাসফল সিনেমাগুলোর আন্তর্জাতিক প্রদর্শন ও পরিবেশনার স্বত্ব ছিনিয়ে নেওয়ার প্রতিই ছিল তাঁর মূল চোখ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশাল হিন্দি সিনেমা বাজারের পরিবেশনা স্বত্ব নিয়ন্ত্রণ করে রাতারাতি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বেছে নেয় তাঁর চক্র।
২০০১ সালের অক্টোবরে টাইমস অব ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদনে মুম্বাই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার বক্তব্যে প্রকাশ পায়, যেসব ভারতীয় প্রযোজক বিদেশের পরিবেশনা স্বত্ব সালেমের মনোনীত সিন্ডিকেটের হাতে তুলে দিতে অস্বীকার করতেন, তাঁদেরকেই একের পর এক প্রাণনাশের লক্ষ্যবস্তু বানাত সালেমের ক্যাডাররা। পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০০১—এই চার বছরে হিন্দি সিনেমার অন্তত ৩০ জন শীর্ষ ব্যক্তিত্ব সালেমের এই নির্মম চাঁদাবাজির শিকার হয়েছিলেন। এই তালিকায় ছিলেন সুভাষ ঘাই, রাকেশ রোশন, জে পি দত্ত, রাজীব রাই এমনকি স্বয়ং আমির খানের মতো প্রতিষ্ঠিত নির্মাতারা। লন্ডনে অবস্থানরত সালেমের এক এজেন্টের কাছে সিনেমার বিদেশি স্বত্ব জোরপূর্বক হস্তান্তরের জন্য প্রযোজকদের চরম মানসিক চাপে রাখা হতো।
শাহরুখ খানকে হত্যার নীল নকশা ও রাতের সেই ফোন
বলিউডের অবিসংবাদিত মহাতারকা শাহরুখ খানও ডন আবু সালেমের হুমকির শিকার হয়েছিলেন। নব্বইয়ের দশকে শাহরুখের ক্যারিয়ার যখন সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, ঠিক তখনই মাফিয়া চক্রের টার্গেটে পরিণত হন তিনি। সিনিয়র সাংবাদিক অনুপমা চোপড়ার লেখা ‘কিং অব বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অব ইন্ডিয়ান সিনেমা’ বইয়ের বরাতে ২০২২ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে সেই রুদ্ধশ্বাস সত্য প্রকাশ্যে আসে।
ঘটনাটি ঘটেছিল যখন সালেমের এক ঘনিষ্ঠ প্রযোজক বন্ধুর ছবিতে কাজ করার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন শাহরুখ। এরপরই তাঁকে হত্যার ষড়যন্ত্রের গোপন খবর চলে আসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে। বিষয়টি টের পেয়ে তৎকালীন শীর্ষ পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়া দ্রুত খ্যাতনামা পরিচালক মহেশ ভাটের সঙ্গে যোগাযোগ করেন। মহেশ ভাট তৎক্ষণাৎ শাহরুখকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন। মুহূর্তেই কমান্ডো নিরাপত্তায় ঢেকে ফেলা হয় শাহরুখকে; তাঁর স্ত্রী গৌরী খান ও সন্তানদের চলাফেরাতেও জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা।
এর কিছুদিন পর সরাসরি শাহরুখের ফোনে রিং বাজিয়ে ফোন করেন আবু সালেম। ফোনালাপের একপর্যায়ে তিনি মুসলিম নির্মাতাদের ছবিতে কাজ না করার মতো স্পর্শকাতর অভিযোগ তোলেন। তখন বুদ্ধিমত্তার সঙ্গে ডনকে বুঝিয়ে শাহরুখ জানান, তিনি মনসুর খান, আব্বাস–মাস্তান এবং আজিজ মির্জার মতো প্রখ্যাত মুসলিম নির্মাতাদের সঙ্গে শুরু থেকেই কাজ করে আসছেন। লম্বা আলোচনার শেষে সালেম জানিয়ে দেন যে আপাতত তাঁকে হত্যার পরিকল্পনা স্থগিত রাখা হলো। তবে এতে শাহরুখের ভেতরের ট্রমা কাটেনি। পরবর্তীতে স্মৃতিচারণ করে কিং খান জানিয়েছিলেন, সালেমের সেই ফোনকল ছিল তাঁর জীবনের অন্যতম ভয়ংকর অভিজ্ঞতা। তিনি কোনো কাল্পনিক অতিমানব নন যে এসব হুমকিতে বিচলিত হবেন না; ঘটনাটি তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। নিজের ও পরিবারের বাড়তি সুরক্ষায় সে সময় তিনি কোটি টাকা ব্যয়ে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনতে বাধ্য হয়েছিলেন।
রাকেশ রোশনের ওপর গুলিবর্ষণ ও আমিরকে হত্যার ছক
২০০০ সালে ব্লকবাস্টার হিট সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ বক্স অফিসে আলোড়ন তোলার পর নির্মম হামলার শিকার হন নির্মাতা রাকেশ রোশন। মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বের হওয়ার পরপরই সালেমের ভাড়াটে শুটাররা তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। গুরুতর জখম হলেও চিকিৎসকদের প্রচেষ্টায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তিনি। ২০০২ সালে টাইমস অব ইন্ডিয়া জানায়, ছবিটির মুনাফার নির্দিষ্ট হিস্যা না দেওয়ায় রাকেশ রোশনকে হত্যার নির্দেশ দিয়েছিল সালেম। এর আগে ১৯৯৬ সালে আরেক খ্যাতনামা পরিচালক রাজীব রাইয়ের ওপরও একই ধাঁচে সশস্ত্র হামলা হয়েছিল।
হুমকির তালিকায় ছিলেন আমির খানও। ২০০১ সালের অক্টোবরে মুম্বাই পুলিশের সঙ্গে এক শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধে সালেমের গ্যাংয়ের চার দুর্ধর্ষ শুটার নিহত হন। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই সন্ত্রাসীরা আমির খান, খ্যাতনামা পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং চলচ্চিত্র অর্থলগ্নিকারী ঝামু সুগন্ধকে হত্যার জন্য অবস্থান নিয়েছিল। তবে পুলিশি তৎপরতায় সে যাত্রায় আমির খান ও তাঁর সহকর্মীরা এক ভয়ংকর ট্র্যাজেডি থেকে রক্ষা পান।
গুলশান কুমার হত্যাকাণ্ড ও বলিউডের স্তব্ধ হয়ে যাওয়া
আবু সালেমের অন্ধকার জীবনের সবচেয়ে নৃশংস অধ্যায় ছিল ভারতের বৃহত্তম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’-এর প্রতিষ্ঠাতা গুলশান কুমার হত্যাকাণ্ড। ১৯৯৭ সালের ১২ আগস্ট প্রকাশ্য দিবালোকে মুম্বাইয়ের আন্ধেরির একটি মন্দিরের বাইরে গুলশান কুমারকে নির্মমভাবে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই নারকীয় ঘটনা গোটা ভারতীয় সংস্কৃতি অঙ্গনকে নাড়িয়ে দিয়েছিল। মুম্বাই পুলিশের প্রকাশ্য অভিযোগ ছিল, এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ও রূপকার ছিলেন আবু সালেম। পরবর্তীকালে কয়েক দশক ধরে চলা বিচার প্রক্রিয়ায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়, যার সঙ্গে সালেমের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা নিয়ে আইনি অঙ্গনে আজও চুলচেরা বিশ্লেষণ চলে।
সুস্মিতা সেন, সোনু নিগম ও ১০ কোটির চাঁদাবাজি
২০০৬ সালের এপ্রিলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আবু সালেমের একটি কথিত স্বীকারোক্তির বরাতে উঠে আসে একাধিক বলিউড তারকার নাম। সেখানে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সংগীতশিল্পী সোনু নিগম ছাড়াও পরিচালক ডেভিড ধাওয়ান, সুনীল দর্শন, রাজকুমার কোহলি ও ইন্দ্র কুমারের নাম লিপিবদ্ধ ছিল। সালেমের দাবি ছিল, তাঁদের প্রত্যেকের কাছেই ফোন মারফত চাঁদা দাবি করা হয়েছিল। যদিও পরবর্তীতে সালেমের আইনজীবী আদালতে দাবি করেন, রিমান্ডে নির্যাতনের মুখে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছিল এবং তা আইনত প্রত্যাহার করা হয়। এর আগে ২০০১ সালের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্ষীয়ান অভিনেতা অমরীশ পুরীকেও সালেম মৃত্যুর হুমকি দিয়েছিলেন, যার ফলে তাঁকে স্থায়ী সশস্ত্র পুলিশি পাহারা দিতে হয়েছিল। পুলিশের দেওয়া পরিসংখ্যান মতে, ওই সময় বলিউডের অন্তত ১২ জন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর কাছে সালেম গ্যাং ১০ কোটি রুপিরও বেশি চাঁদা দাবি করেছিল।
মণীষা কৈরালার সচিব হত্যা
আবু সালেমের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাননি তারকাদের সহকারীরাও। ২০০১ সালের জুন মাসে নির্মমভাবে হত্যা করা হয় বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার ব্যক্তিগত সচিব অজিত দেওয়ানিকে। পুলিশের অভিযোগ অনুযায়ী, সালেমের চাঁদার দাবিতে সায় না দেওয়াতেই দিনদুপুরে গুলিতে প্রাণ হারাতে হয় অজিতকে। পরবর্তীতে ২০০৬ সালে পুলিশের কাছে সালেম এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করেছিলেন বলে সংবাদমাধ্যমে প্রকাশ পায়; যদিও আদালতে সালেমের আইনজীবী তা অস্বীকার করেন।
মণিকা বেদির সঙ্গে প্রেম ও লিসবনে পতন
অপরাধ জগতের নিষ্ঠুরতার বাইরে আবু সালেমের ব্যক্তিগত প্রেমকাহিনীও সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর ছিল না। হিন্দি সিনেমার উঠতি নায়িকা মণিকা বেদির প্রেমে মত্ত ছিলেন এই গ্যাংস্টার। বিশ্বজুড়ে একের পর এক দেশ বদল করে পালিয়ে বেড়ানোর সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে ২০০২ সালের ১৮ সেপ্টেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে গিয়ে আবু সালেম ও মণিকা বেদির এই রোমাঞ্চের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। জাল পরিচয়পত্র ও ভুয়া নথিপত্র ব্যবহারের দায়ে পর্তুগাল পুলিশের জালে ধরা পড়েন এই জুটি। দীর্ঘ তিন বছরের কূটনৈতিক ও আইনি লড়াই শেষে ২০০৫ সালের ১১ নভেম্বর পর্তুগাল সরকার তাঁদের ভারতে প্রত্যর্পণ করে।
ভারতে ফিরে মণিকা বেদির জীবনও অন্ধকার রূপ নেয়। জাল পাসপোর্ট তৈরির দায়ে ২০০৬ সালে হায়দরাবাদের একটি আদালত তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরবর্তীতে উচ্চ আদালত সাজা কমালে ২০১০ সালে ভারতের সুপ্রিম কোর্ট তাঁর ইতিমধ্যে কারাগারে কাটানো সময়কেই পূর্ণ সাজা হিসেবে বহাল রেখে মুক্তি দেয়।
যাবজ্জীবন কারাদণ্ড ও সালেম সাম্রাজ্যের সমাপ্তি
অপরাধ জীবনের সমস্ত হিসাব চোকাতে হয়েছে আবু সালেমকে। ১৯৯৩ সালের সেই কুখ্যাত মুম্বাই ধারাবাহিক বোমা হামলায় ২৫৭ জন নিরপরাধ মানুষ নিহত এবং ৭১৩ জন গুরুতর আহত হয়েছিলেন। সেই নাশকতায় অস্ত্র ও আরডিএক্স বিস্ফোরক সরবরাহের প্রধান কারিগর হিসেবে ২০১৭ সালে মুম্বাইয়ের বিশেষ আদালত সালেমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এর আগে ২০১৫ সালে ১৯৯৫ সালের মুম্বাইয়ের খ্যাতনামা নির্মাতা ও ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলাতেও সালেমকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।
একাধিক হত্যা, চাঁদাবাজি ও জাল পাসপোর্ট মামলায় বর্তমানে ভারতের কড়া নিরাপত্তাবেষ্টিত কারাগারে অন্ধকার প্রকোষ্ঠেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের একসময়ের এই ত্রাস। তাঁর পতনের মধ্য দিয়েই নব্বইয়ের দশকে বলিউডের বুকে ভর করা মাফিয়া রাজের অন্ধকারতম অধ্যায়ের ওপর যবনিকা নেমে আসে।