আদর্শ স্বামী নাকি নিছক অবাস্তব ভালোমানুষি? ‘দার-ই-নিজাত’-এর আবু বকরকে নিয়ে মুখ খুললেন শেহরিয়ার

টেলিভিশনের পর্দায় পুরুষ চরিত্রের চিরাচরিত রূপ ভেঙে এক সংবেদনশীল ও দায়িত্বশীল জীবনসঙ্গীর প্রতিচ্ছবি হয়ে উঠেছে ‘আবু বকর’। পাকিস্তানের সীমানা ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মাঝেও ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘দার-ই-নিজাত’-এর এই কেন্দ্রীয় চরিত্রটি। বিশেষ করে নারী দর্শকদের একটি বড় অংশ চরিত্রটির প্রশংসায় পঞ্চমুখ। অনেকের চোখেই আবু বকর যেন বর্তমান যুগের এক ‘আদর্শ স্বামী’। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকেই অকপটে প্রকাশ করছেন—বাস্তব জীবনেও তাঁরা ঠিক আবু বকরের মতোই একজন সঙ্গীকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান।

ধারাবাহিকটিতে এই বহুল আলোচিত আবু বকর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন জনপ্রিয় পাকিস্তানি তারকা শেহরিয়ার মুনাওয়ার। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের খ্যাতনামা উপস্থাপক হারুন রশিদের সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে চরিত্রটির মনস্তাত্ত্বিক নানা দিক ও নেপথ্যের গল্প বিস্তারিত তুলে ধরেছেন এই অভিনেতা।

শেহরিয়ারের মতে, আবু বকরের সবচেয়ে বড় দুর্বলতা বা সমস্যা হলো, সে সবসময় সবাইকে ভালো ও সন্তুষ্ট রাখতে চায়। কাউকেই সরাসরি ‘না’ বলার সাহস বা স্বভাব তার নেই। বাস্তব জীবনে নিজের সঙ্গে চরিত্রটির অদ্ভুত মিল খুঁজে পান জানিয়ে শেহরিয়ার বলেন, তিনিও বাস্তব জীবনে অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ভালো লাগা বা ইচ্ছাকে বিসর্জন দেন। চরিত্রটির অতিরিক্ত দায়িত্ববোধের পেছনে পারিবারিক শিক্ষার বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি জানান, শৈশব থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট মূল্যবোধ ও নীতিশিক্ষা দিয়ে বড় করেছেন। সার্বক্ষণিক কোনটা ভুল আর কোনটা সঠিক, তা বোঝানো হয়েছে। যার ফলে সবসময় সমাজের চোখে ঠিক কাজটি করার এক তীব্র মানসিক চাপে থাকতে হয় তাকে। এ প্রসঙ্গে অভিনেতা শেহরিয়ার বলেন, ‘একবার ভাবুন, এই মানুষকে কতটা চাপ নিয়ে বাঁচতে হয়।’

সাক্ষাৎকারে আবু বকরের সঙ্গে ‘জারিয়াব’ চরিত্রের প্রেম ও রসায়ন নিয়েও কথা বলেছেন শেহরিয়ার মুনাওয়ার। তিনি জানান, মায়ের সঙ্গে জারিয়াবের বাড়িতে নিয়মিত যাতায়াতের সময় থেকেই মেয়েটির প্রতি এক নিবিড় ভালো লাগা তৈরি হয়েছিল আবু বকরের। তবে মুখ ফুটে কখনো ভালোবাসা প্রকাশ না করে নীরবে আড়াল থেকেই জারিয়াবকে ভালোবেসে গেছে সে। বিপরীতধর্মী ব্যক্তিত্বের কারণে জারিয়াবের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক গভীর দোলাচলে ভুগত আবু বকর; বাস্তবতার কঠিন পথ পাড়ি দিয়ে মন যা চাইছে তা পাওয়া সম্ভব কি না, সেই সংশয় তাকে কুরে কুরে খেত।

অভিনয়ের সময় চরিত্রের এই গোপন আবেগ দর্শকের কাছে পৌঁছে দিতে বিভিন্ন দৃশ্যে সূক্ষ্ম ইঙ্গিত ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেন শেহরিয়ার। একটি বিশেষ দৃশ্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, একবার মধ্যাহ্নভোজের টেবিলে বসে জারিয়াবকে আবু বকর আচমকা বলেছিল, ‘তুমি পাস্তা পছন্দ করো, তা–ই না?’ জারিয়াব তখন বেশ অবাক হয়ে জানতে চেয়েছিল সে বিষয়টি কীভাবে জানল। উত্তরে আবু বকর কেবল বলেছিল, ‘কিশওয়ার খালা একবার বলেছিলেন।’ শেহরিয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, হৃদয়ে কারো প্রতি গভীর অনুভূতি না থাকলে সাধারণ আড্ডায় শোনা তাঁর প্রিয় খাবারের মতো সূক্ষ্ম তথ্য দীর্ঘদিন মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। অভিনেতা জানান, তিনি চিত্রনাট্যে এমন অজস্র নীরব ইঙ্গিত সুকৌশলে ছড়িয়ে দিয়েছিলেন।

নাটকটি সম্প্রচারের পর থেকেই দর্শকমহলে আবু বকর চরিত্রটিকে ঘিরে চুলচেরা বিশ্লেষণ চলছে। অনেকের কাছে তার এই মাত্রাতিরিক্ত উদারতা ও চরম ভালোমানুষিকে কাল্পনিক ও অবাস্তব বলে মনে হলেও, এর জোরালো পক্ষ নিয়েছেন শোবিজ তারকারাও। এর আগে প্রখ্যাত অভিনেত্রী নাদিয়া আফগান চরিত্রটির সত্যতা ও স্বাভাবিকতার পক্ষে মত দিয়ে জানিয়েছিলেন, তাঁর নিজের স্বামীর মধ্যেও আবু বকরের মতো অনেক কোমল গুণাবলি বিদ্যমান রয়েছে। ফলে চরিত্রটির আবেগ ও আচরণ তাঁর কাছে একেবারেই বাস্তব ও বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।