ছোটপর্দায় নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া নির্মাতা আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন। তার প্রথম সিনেমার নাম ‘অপলক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। বুধবার (৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা।
এর আগে আদনানের প্রথম সিনেমার নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জানালেন, ‘অপলক’-এ জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী স্বামী-স্ত্রী। বিনোদন অঙ্গনে দুজনের পথচলাও দীর্ঘদিনের। এবার নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করছেন তার স্ত্রী মেহজাবীন। যদিও অভিনয়শিল্পী হিসেবে সিনেমায় মেহজাবীনের অভিষেক হয়েছে আরও আগে।
অন্যদিকে, ছোটপর্দায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তারা। পাশাপাশি ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমাতেও জুটি হিসেবে দেখা গেছে তাদের। এবার আদনান আল রাজীবের ‘অপলক’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় আসছেন এই দুই তারকা।
সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন আদনান আল রাজীব। নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, ‘অপলক’-এর সঙ্গে পুরো টিমের অনেক স্বপ্ন ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। সেই ভালোবাসার আয়োজনে এবার যুক্ত হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
সিনেমাটি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে আদনান বলেন, তারা একটি সৎ, সরল ও হৃদয়স্পর্শী রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করতে চান। এমন একটি গল্প তুলে ধরতে চান, যেখানে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।
নির্মাতার প্রত্যাশা, যে মায়া ও ভালোবাসা নিয়ে তারা সিনেমাটি তৈরি করতে যাচ্ছেন, তা দর্শকের মনেও পৌঁছাবে।
এদিকে, সিনেমাটির ঘোষণা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরীও। সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিস্বাক্ষরের ছবিগুলো পোস্ট করে নিজের ফেসবুক পেজে অভিনেত্রী জানান, তাদের সিনেমা ‘অপলক’ অবশেষে নির্মিত হতে যাচ্ছে। ছবিটি নিয়ে তিনি বেশ উদগ্রীব বলেও উল্লেখ করেন। একই সঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।