অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ডান ঊরুতে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। সতর্কতা হিসেবে বার্সেলোনার এই তারকাকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রিসবেনে বাংলাদেশ সময় গতকাল বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৪-২ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচ চলাকালে ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। এরপর আর কোনো ঝুঁকি নেয়নি ব্রাজিল।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইমেজিং পরীক্ষায় রাফিনিয়ার চোট পাওয়া স্থানে ‘ছোট পেশির প্রদাহ’ বা এডেমা ধরা পড়েছে। সতর্কতা এবং দ্রুত সুস্থতা নিশ্চিত করতেই তাকে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য এখন বার্সেলোনায় ফিরবেন এই ফরোয়ার্ড। তার বদলে নতুন করে কাউকে দলে নেওয়া হবে না।
অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ শেষে এবার উপমহাদেশে খেলতে যাচ্ছে আনচেলত্তির দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মূলত উইঙ্গার হিসেবে খেলা রাফিনিয়াকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছিলেন আনচেলত্তি। ম্যাচে রায়ানের গোলেও অবদান রাখেন তিনি।
তবে রাফিনিয়ার চোটের ইতিহাসই এখন বার্সেলোনার জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ। গত মৌসুমেও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগেছেন তিনি। এমনকি সর্বশেষ চোটটিও আগের চোট পাওয়া একই এলাকায় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্যারিয়ারে শরীরের ওই অংশে একাধিকবার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ব্রাজিল ও বার্সেলোনার হয়ে সব মিলিয়ে ১৫০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই তারকা।
রাফিনিয়া ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। চোটের পূর্ণ মাত্রা ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পরই তার ফেরার সময় জানা যাবে। আন্তর্জাতিক বিরতির সময় পুনর্বাসন শেষ করে আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে ম্যাচে ফেরার প্রত্যাশা করছে বার্সেলোনা।
তবে চোট দীর্ঘায়িত হলে অক্টোবরে বার্সেলোনার কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনিয়াকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। সামনে গালাতাসারাই, রিয়াল বেতিস, পিএসজি ও রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ রয়েছে কাতালান ক্লাবটির।
এর আগে গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে হালকা হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকেও একই ধরনের চোটে প্রায় এক মাস খেলতে পারেননি তিনি। মৌসুমের শুরুতেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্রায় দুই মাস দলের বাইরে থাকতে হয়েছিল তাকে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।