করাচি থেকে ঢাকা, ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

বাংলাদেশের জন্য এই ম্যাচটি শুধু সেমিফাইনাল নয়, দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগও। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে দলের পথচলা। ফাইনালের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও নিজেদের মাঠে ২৩ বছরের শিরোপা-অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া হামজা-জামালরা। ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জয়ের স্বপ্নও দেখছে দল।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।