দেশের মোবাইল নেটওয়ার্কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ ও চুরি হওয়া হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি বিটিআরসির কমিশন সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণের এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর করতে এটি হবে বিটিআরসির তৃতীয় উদ্যোগ। এর আগে ২০২১ সালে পরীক্ষামূলকভাবে এনইআইআর চালু করা হয়েছিল।
প্রথম ধাপে যেসব সুবিধা চালু হবে
বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে এনইআইআরের মূল সুবিধাগুলো চালু করা হবে। এর মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করে সেগুলোর ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে। তবে একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার করে চালানো ক্লোন হ্যান্ডসেট এই পর্যায়ে পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না।
বিটিআরসির সভার কার্যবিবরণী অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ক্লোন হ্যান্ডসেটের সমস্যা প্রথম ধাপে পুরোপুরি সমাধান করা যাবে না। পরবর্তী ধাপে এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় ধাপে আসবে ডি-রেজিস্ট্রেশন
দ্বিতীয় ধাপে মোবাইল ফোনের নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্ট্রেশন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ফোনের প্রকৃত মালিক শনাক্ত করা এবং মালিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ করা সহজ হবে। তবে এই ধাপ বাস্তবায়নের জন্য এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
বর্তমানে মোবাইল নেটওয়ার্কে সচল থাকা ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া আমদানিকারকদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগও রয়েছে।
ব্যবস্থা চালুর আগে গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করতে অন্তত দুই মাস প্রচার চালানোর পরিকল্পনা করেছে বিটিআরসি।
তাড়াহুড়া নয়, কার্যকর সমাধানে গুরুত্ব
প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে বলেন, অবৈধ ফোনের ব্যবহার বন্ধ করাই সরকারের লক্ষ্য। তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া না করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান বের করা হবে, যাতে আগের মতো উদ্যোগটি ব্যর্থ না হয়।
তিনি আরও জানান, ব্যবসায়ী, উদ্যোক্তা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সরকার ও গ্রাহক সবার স্বার্থ বিবেচনায় রেখেই এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ব্যবস্থা চালু হলে অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে অগ্রগতি আসতে পারে। তবে ক্লোন ফোন বন্ধসহ পুরো ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে পরবর্তী ধাপগুলোর বাস্তবায়ন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ের ওপর।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।