মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সামরিক বিমান পাঠানোর শর্ত দিয়েছে ভারত এমন প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হলে ঢাকা থেকে সামরিক বিমান পাঠাতে হবে। একই সঙ্গে দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করার শর্তও দিয়েছে ভারত। প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’
এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’
তিনি আরও জানান, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।
রণধীর জয়সওয়াল বলেন, বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।