তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে। এর উদ্দেশ্য দেশের রপ্তানি বাণিজ্য ও পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করা।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকারের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একটি পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এর মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য ব্যাহত করা, গার্মেন্টসের উৎপাদন বাধাগ্রস্ত করা এবং সামগ্রিকভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার কথাও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের অপতৎপরতা বা সহিংসতার চেষ্টা হলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা রয়েছে বলে সরকার মনে করে না। কোনো সত্যিকারের শ্রমিক সংগঠনও অনিয়ম বা বিশৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত নয় বলে মন্তব্য করেন তিনি।
শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রতিনিধিদের নাম দেওয়া হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে তাঁদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।