নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়া মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় তাঁদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও কিছু দেওয়ার পালা।
এ সময় অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্পিকার।
নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের এই প্রাক্তন ছাত্র বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।