মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভিযান বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা এবং জনসচেতনতা বাড়াতে তাঁদের সহযোগিতা চেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। বিশেষ করে জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এ বিষয়ে আধা-সরকারি (ডিও) চিঠি পাঠানো হয়। এতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিও লেটারে মন্ত্রী বলেন, জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও আইনত নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এ সম্পদের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করতে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সফলতা শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

ডিও চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ত করে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অভিযান বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলে মনে করছে মন্ত্রণালয়।

মা ইলিশের প্রজনন মৌসুমে নির্ধারিত নিষেধাজ্ঞা মেনে চলা ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ কারণে অভিযান চলাকালে আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।