বৈশ্বিক ভূ-রাজনীতি এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের রেমিট্যান্স খাত ও শ্রমবাজার সুরক্ষায় সুনির্দিষ্ট ‘অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করেছে সরকার। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রথাগত বাজারের বাইরে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকার অত্যন্ত তৎপর রয়েছে। প্রয়োজনে বিভিন্ন দেশে দক্ষ লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগের মাধ্যমে বাংলাদেশের জনশক্তির জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিবেচনা করে এরই মধ্যে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব দেশে দক্ষ কর্মী পাঠাতে উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সুপারিশ অনুযায়ী দেশভিত্তিক লবিস্ট নিয়োগ করার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হয়। বিশেষ করে জাপানে বাংলাদেশি কর্মীদের বিপুল চাহিদাকে কাজে লাগাতে সেখানে জাপানি ভাষা শিক্ষা ও বিশেষায়িত ‘স্কিল ট্রেনিং’ কর্মসূচির পরিধি আরও বাড়ানো হয়েছে।
মালয়েশিয়া প্রসঙ্গে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসূফ আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চলতি মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টারা মালয়েশিয়া সফর করেছেন। এই সফরের মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ পুনরায় সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাথমিক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন প্রাথমিক শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইতিমধ্যেই ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাকি শিক্ষকদের আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় প্রশিক্ষণের আওতায় আনা হবে।
এছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’ নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সামুদ্রিক সম্পদ রক্ষা, মৎস্য আহরণ এবং পর্যটন খাতের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো বা সেল গঠন করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।