হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে গিয়ে তিনি যাত্রীসেবা ও লাগেজ ডেলিভারি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন। সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে বিমান থেকে নামার পর লাগেজ হাতে পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান।
এ সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।
যাত্রীদের সঙ্গে মতবিনিময়ের পর বিমানমন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ ছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে দ্রুত বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।