প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে তারেক–এরদোয়ান বৈঠক

তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে দুই নেতা বৈঠকে বসেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের সমাধান ও টেকসই প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়টি।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তাঁর ফলপ্রসূ সাক্ষাতের কথা স্মরণ করেন। ঢাকা ও আঙ্কারার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি কপ-৩১ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজন করায় তুরস্ক সরকারকে অভিনন্দন জানান তিনি।

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রতিরক্ষা খাতে পারস্পরিক প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের যৌথ বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবধান কমানো এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ আহরণে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বড় ধরনের বিনিয়োগের সুযোগ ও অনুকূল পরিবেশ রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক আর্থিক ও কারিগরি সহায়তার গুরুত্ব তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় তুরস্কের অবিচল সংহতি ও নীতিগত সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার জন্য তুরস্কের বিভিন্ন মানবিক ত্রাণ কার্যক্রমের বিষয়ে দেশটির জনগণকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সক্রিয় ভূমিকা ও কূটনৈতিক চাপ অত্যন্ত জরুরি। এ মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামগুলোতে তুরস্ক ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।