‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল আওয়ামী লীগ’: স্পিকার

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার। তিনি অভিযোগ করেন, দলটি লুটপাট করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল এবং হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে স্পিকারকে গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে। এ ছাড়া শেখ হাসিনাকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বাক্‌স্বাধীনতা ও মন্ত্রীদের পদত্যাগ প্রসঙ্গ

জাতীয় সংসদের স্পিকার বলেন, বর্তমানে প্রত্যেক মানুষের বাক্‌স্বাধীনতা রয়েছে। তাঁরা সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন।

একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও জানান স্পিকার।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। স্পিকার বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়ে ইশরাক কাজটি ভালো করলেও তাঁর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

স্পিকারের ভাষ্য, অতীতে কোনো দল নিজেদের সংসদ সদস্য বা মন্ত্রীদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আপসহীন অবস্থানের কারণেই এমন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার এবং উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালসহ স্থানীয় নেতারা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।