প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা, ভয়াবহ ভূমিধস ও তুষারপাতের কারণে চরম দুর্যোগের মুখে পড়েছে হিমালয়কন্যা নেপাল। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি পর্যটক এবং সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, টানা ভারী বৃষ্টির কারণে নেপালের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে একের পর এক ভূমিধসের ঘটনা ঘটছে। কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ পুরোপুরি অচল হয়ে পড়েছে। পাহাড়ি এলাকাগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে উদ্ধার অভিযান চালানোও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এই বিরূপ পরিস্থিতির মুখে নেপালের স্থানীয় কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকায় ট্রেকিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে দূতাবাস থেকে পিসাং, চামে, মানাং ও এর আশপাশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে বাংলাদেশিদের ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র পোখারা ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও বাংলাদেশিদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে দূতাবাস। সেখানেও ভূমিধসের কারণে প্রধান সড়ক যোগাযোগ এবং আশপাশের ট্রেকিং রুটগুলোতে যাতায়াত যেকোনো সময় ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া মুস্তাং, জোমসোমসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলে যারা ভ্রমণ করতে চান, তাঁদের গান্ডাকি প্রদেশের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের সর্বশেষ পরিস্থিতি নিয়মিত জানার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ প্রতিকূল আবহাওয়ায় খুব অল্প সময়ের নোটিশেও এসব দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।
আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ অঞ্চলগুলোতে ট্রেকিং, পর্বতারোহণ বা যে কোনো ধরনের ভ্রমণের পূর্বে আবহাওয়া ও সড়কের সর্বশেষ আপডেট যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে নেপাল সরকার ও সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সার্বিক নিরাপত্তা নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, যে সকল বাংলাদেশি পর্যটক ইতিমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং নদীর তীরবর্তী কিংবা ভূমিধসের ঝুঁকিতে থাকা জায়গাগুলো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। যেকোনো ধরনের ভ্রমণে বের হওয়ার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট ট্যুর অপারেটর ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই সাময়িক ভ্রমণ সতর্কতা রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয়। নেপালের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দূতাবাস। পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটলে পরবর্তীতে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য ও নির্দেশনা জানানো হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।