মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিতর্কের অবসানে দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো ধরনের মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না।
বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকায় এখন বিষয়গুলো নতুন করে যাচাই করা হচ্ছে।
অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার বিষয়ে আহমেদ আযম খান বলেন, তালিকায় অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়ার সুযোগ আর থাকবে না। ৭ অক্টোবরের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। মন্ত্রণালয়ও এর আগে জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নতুন করে গেজেটভুক্তির আবেদন নেওয়া হবে না।
মন্ত্রী বলেন, এরই মধ্যে যারা আবেদন করেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নীতিমালা অনুযায়ী কমিটি, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের বিস্তারিত যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।
অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন আহমেদ আযম খান। তাঁর ভাষ্য, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের একটি নির্ভুল ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
তবে এই বিশাল কাজ শেষ করে নির্ভুল তালিকা প্রকাশ করতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি মন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি।
এর আগে সংসদেও প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা তৈরির উদ্যোগের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কাজ করছে বলে সংসদে জানানো হয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।