শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
এর মধ্যে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। ওই পরিকল্পনার কথা জানানোর চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি সামনে আসে।
এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও শুরু থেকেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে সরকার।
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত বহুবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছেন। প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।
এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো পর্যবেক্ষণ বা মতামত আছে কি না, তা জানতে চাওয়া হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্ধান্ত নেওয়ার ভার বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেন। একই সঙ্গে তিনি জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ওয়াশিংটন।
ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।