দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে এ তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানো হয়েছে।
শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এসব মামলায় সম্পদের হিসাব এবং ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে ধরা হয়েছে।
দুদকের করা প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে।
এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। আর তাঁকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কাতারে শেখ আব্দুল হান্নানের গ্রেফতারের খবরের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো নতুন করে আলোচনায় এসেছে। তবে মামলাগুলোতে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি আদালতের বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।