রাজধানীর সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসহ ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব স্থান ঘুরে বিভিন্ন সেবার মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শিশু হাসপাতালে কক্ষে ধূমপান করতে দেখা যাওয়ায় এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আজিমপুর সরকারি কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধানমন্ত্রী প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাঙলা কলেজে যান।
এ ছাড়া আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখেন তিনি। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশাপাশি ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসক সাময়িক বরখাস্ত
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
হাসপাতালের টয়লেটের অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে প্রশ্ন করেন তিনি, ‘আপনি নিজে কি এই টয়লেট ব্যবহার করবেন?’ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়টি এ সময় গুরুত্ব পায়।
অন্যদিকে, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন প্রধানমন্ত্রী।
আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কারে দুই সপ্তাহের সময়
আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাসিক এলাকার চলাচলের পথ ও আশপাশের পরিবেশ ঘুরে দেখে পরিচ্ছন্নতার ঘাটতির কারণ জানতে চান তিনি। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় অসন্তোষ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সময় বেঁধে দেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের একপর্যায়ে সেখানে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণদের আহ্বান
রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এ জন্য বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিপুলসংখ্যক তরুণ যদি নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব নেয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের নিজেদের বাসা, স্কুল ও পাড়া পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদের সচেতন করার পরামর্শ দেন তিনি।
বায়ুদূষণ কমাতে গাছ লাগানোর পরামর্শ
ঢাকার বায়ুদূষণ ও সবুজের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে, যার ফলে বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ঢাকায় তাঁর শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, একসময় রাজধানীতে অনেক বেশি গাছপালা ও খোলা জায়গা ছিল। এখন সেই জায়গাগুলোর অনেকাংশে বহুতল ভবন গড়ে উঠেছে। গাছপালা কমে যাওয়ায় শহরে গরমের অনুভূতিও বেড়েছে।
‘নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে’
রাজধানীর পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশাল একটি শহর, যেখানে দুই থেকে আড়াই কোটির বেশি মানুষের বসবাস। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও তাঁদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; নাগরিকদেরও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা স্কাউট, গার্ল গাইড কিংবা রেড ক্রিসেন্টের সদস্য হও বা না হও, তোমরা সবাই এ দেশের নাগরিক। তোমরা দেশের ভবিষ্যৎ। নিজের বাসা, স্কুল, পাড়া ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদেরও নিতে হবে।’
যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাঁকে সচেতন করার আহ্বান জানান তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলেও মন্তব্য করেন।
মিরপুরে হকারমুক্ত এলাকা পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর ১০-এর হকারমুক্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শনকালে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি ওই ব্যক্তির ফোন নিয়ে নিজেই সেলফি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। বাসসের প্রতিবেদন অনুযায়ী, সভায় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাঁদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে ভাতা বাড়ানো হবে, যাতে তাঁরা আরও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সরকার ও সমাজের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া জরুরি। অতীতে যেসব ঘাটতি ছিল, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। তথ্যপ্রযুক্তি খাতেও তাঁদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।
তরুণদের হাত ধরে গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ
শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলে প্রত্যেক নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। এভাবেই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা যাবে।
স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করছেন। বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। দেশের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রবীণেরা তাঁদের মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও মাঠপর্যায়ে তরুণসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।