‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা এবং প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার সেগুলো বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা এবং আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতাও স্বীকৃত হয়েছে। বিএনপি সরকার এসব অধিকার নিশ্চিত করছে বলেও দাবি করেন তিনি।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানে স্বীকৃত এসব অধিকার বাস্তবায়নে কাজ করছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।