আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ঢাকায় বিএনপির শোভাযাত্রা

আজ শনিবার, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে আনার মধ্য দিয়ে সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থান সংঘটিত হয়। বিএনপির ভাষ্য অনুযায়ী, ওই দিনের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাঁর শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা হয় বলে দলটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে পায়ে হেঁটে অংশ নিয়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাটির উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৭ নভেম্বর দেশের অধিকাংশ জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রীয় শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উদ্বোধনী বক্তব্যের পরই শোভাযাত্রা শুরু হবে।

রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করবে। শোভাযাত্রা সফল করতে বিএনপির মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং অঙ্গসংগঠনগুলো কাজ করছে বলেও জানান রুহুল কবির রিজভী।

দিবসটি পালনের আহ্বান জামায়াতের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন। তাঁদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল।

বিবৃতিতে জামায়াত আমির আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার ও সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে এক্সপ্রেসওয়ে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন যানবাহন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোলমুক্ত সুবিধা দেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।