আজই শেষ সুযোগ! ৪ জুনের ট্রেনের টিকিট নিয়ে শুরু হচ্ছে রুদ্ধশ্বাস লড়াই

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে যান্ত্রিক এই নগরে সুশৃঙ্খল প্রত্যাবর্তনের লক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির আজই শেষ দিন। আজ সোমবার (২৫ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার টিকিট। সকাল থেকেই টিকিটপ্রত্যাশীদের ডিজিটাল প্ল্যাটফর্মে এক ‘ভার্চ্যুয়াল লড়াই’ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সার্ভারের ওপর মাত্রাতিরিক্ত চাপ কমাতে এবং সাধারণ যাত্রীদের বিড়ম্বনা লাঘবে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিটপ্রত্যাশীদের জন্য দুপুর ২টায় অনলাইন উইন্ডো খুলে দেওয়া হবে। যাত্রী ভোগান্তি কমাতে এবারও কাউন্টার থেকে কোনো টিকিট ইস্যু না করে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত বজায় রেখেছে কর্তৃপক্ষ।

রেলওয়ের গৃহীত বিশেষ এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে গত ২১ মে থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে দেওয়া হয়েছে ১ জুনের টিকিট, ২৩ মে মিলছিল ২ জুনের টিকিট এবং গতকাল ২৪ মে দেওয়া হয়েছে ৩ জুনের টিকিট। আজকের এই অন্তিম পর্যায়ের বিক্রির মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে ফিরতি যাত্রার বিশেষ অগ্রিম কার্যক্রম।

তবে টিকিট ক্রয়ের ক্ষেত্রে এবার বেশ কিছু কঠোর নীতিমালা আরোপ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ঈদের এই বিশেষ সময়ে কেনা টিকিট যাত্রীরা কোনোভাবেই ফেরত দিতে বা ‘রিফান্ড’ করতে পারবেন না। এ ছাড়া, কালোবাজারি রোধে একজন যাত্রী তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে একের অধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই সহযাত্রীদের নাম ও প্রয়োজনীয় তথ্যাদি ফরমে উল্লেখ করতে হবে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে টিকিট নিয়ে অতীতের সেই বিশৃঙ্খলা ও অনিয়ম অনেকাংশেই কমে এসেছে। ৪ জুনের টিকিট সংগ্রহের মাধ্যমে শেষ হবে ফেরার এই মেগা বুকিং কার্যক্রম। এরপরই শুরু হবে রেলের প্রস্তুতি—যাত্রীদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবায় মাঠপর্যায়ে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দিতে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।