৬৩ বছরে কেন ব্যালন ডি’অর জেতেননি গোলকিপাররা?

অলিভার কানকে মনে আছে? ২০০২ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তাঁর সেই ভুল নিশ্চয়ই অনেক ফুটবলপ্রেমীর স্মৃতিতে রয়ে গেছে। অথচ ফাইনালের আগে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জার্মানির গোলপোস্টে অপ্রতিরোধ্য দেয়াল হয়ে উঠেছিলেন এই কিংবদন্তি গোলকিপার।

ফাইনালে রিভালদোর শট ধরে রাখতে না পারায় ফিরতি বলে রোনালদোর গোল হজম করেন কান। তাতে যেন টুর্নামেন্টজুড়ে তাঁর অসাধারণ পারফরম্যান্সের মূল্যায়ন আড়ালে চলে যায়। অথচ সেই বিশ্বকাপে গোল্ডেন বল জিতে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া একমাত্র গোলকিপার তিনি। ২০০২ সালের ব্যালন ডি’অরেও তৃতীয় হয়েছিলেন কান। ফাইনালের ফল অন্য রকম হলে হয়তো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটিও তাঁর হাতে উঠতে পারত।

১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি লেভ ইয়াশিনের পর আর কোনো গোলকিপার ব্যালন ডি’অর জিততে পারেননি। ২০০২ বিশ্বকাপে কানের পারফরম্যান্স গোলকিপারদের এই পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছিল। কিন্তু গোলকিপারের পজিশনটাই যেন এমন পুরো ম্যাচে একের পর এক বিপদ ঠেকানোর পরও একটি ভুলেই সব কৃতিত্ব ম্লান হয়ে যেতে পারে।

প্রশ্ন হলো, আক্রমণভাগের খেলোয়াড়েরাও তো ভুল করেন। তাঁদের একাধিক সুযোগ নষ্ট করার পরও শেষ মুহূর্তের একটি গোল নায়ক বানিয়ে দিতে পারে। তাহলে গোলকিপারদের ক্ষেত্রে বিচারটা আলাদা কেন? এর উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে, ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্স কীভাবে পরিমাপ করা হয় এবং গোলকিপারদের অবদান কেন অনেক সময় চোখ এড়িয়ে যায়।

এবারের ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় কোনো গোলকিপার নেই। ফলে ২৬ অক্টোবর লন্ডনে পুরস্কার বিতরণের মঞ্চে কোনো গোলকিপারের হাতে মূল পুরস্কার ওঠার সুযোগও নেই।

ইয়াশিনের পরও কাছাকাছি গিয়েছেন অনেকে

লেভ ইয়াশিনের পর বেশ কয়েকজন গোলকিপার ব্যালন ডি’অর জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। ১৯৭৩ সালে ইতালির কিংবদন্তি দিনো জফ দ্বিতীয় হন। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ইতালির গোলপোস্টে টানা ১ হাজার ৪২ মিনিট গোল হজম না করার কৃতিত্বও ছিল তাঁর।

২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ের পর ব্যালন ডি’অরে দ্বিতীয় হন জিয়ানলুইজি বুফন। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ের পর একই অবস্থানে ছিলেন ম্যানুয়েল নয়্যার। প্রত্যেকেই নিজ নিজ সময়ে গোলকিপিংয়ের ভিন্ন ভিন্ন দিক দিয়ে বিশ্ব ফুটবলে প্রভাব রেখেছেন।

জফ ছিলেন ধারাবাহিকতা ও রক্ষণাত্মক দক্ষতার প্রতীক। কান দেখিয়েছিলেন, বিশ্বকাপের মতো বড় আসরে একজন গোলকিপার কীভাবে দলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠতে পারেন। বুফনের শট ঠেকানোর দক্ষতা ছিল অসাধারণ। আর নয়্যার শুধু গোল ঠেকানোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি; বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রণ, পাস দেওয়া এবং সুইপারের মতো ভূমিকা পালনের মাধ্যমে গোলকিপিংয়ের প্রচলিত ধারণাকেও বদলে দিয়েছেন।

তারপরও তাঁদের কেউ ব্যালন ডি’অর জিততে পারেননি। এর পেছনে গোলকিপারদের পারফরম্যান্সের গুরুত্বের চেয়ে তা পরিমাপ ও মূল্যায়নের পদ্ধতি বড় বাধা হয়ে দাঁড়ায়।

গোলের উচ্ছ্বাসে আড়ালে পড়ে সেভ

ফুটবলে গোল হলে গ্যালারি গর্জে ওঠে। ম্যাচের শেষ মিনিটে ফরোয়ার্ডের করা জয়সূচক গোল পরদিন সংবাদপত্রের শিরোনাম হয়ে ওঠে। অথচ সেই ম্যাচের ৫০ মিনিটে গোলকিপারের করা অবিশ্বাস্য সেভ হয়তো প্রতিবেদনের একটি অংশ হিসেবেই থেকে যায়।

আক্রমণভাগের খেলোয়াড়দের অবদান বোঝাতে গোল ও অ্যাসিস্টের মতো সরাসরি পরিসংখ্যান রয়েছে। কিন্তু গোলকিপারের কাজ অনেক বেশি জটিল। প্রত্যাশিত গোল বা এক্সপেক্টেড গোলের মডেল প্রতিপক্ষের তৈরি করা সুযোগের মান বুঝতে সাহায্য করে। শট নেওয়ার পর বলের গতিপথ ও পরিস্থিতি বিবেচনায় শট-পরবর্তী প্রত্যাশিত গোলের হিসাব দিয়ে অনুমান করা যায়, একজন গোলকিপার কতগুলো সম্ভাব্য গোল ঠেকিয়েছেন।

তবে এসব পরিসংখ্যানও গোলকিপারের সব অবদান তুলে ধরতে পারে না। ধরুন, প্রতিপক্ষের থ্রু পাসের বিপদ আগে থেকেই বুঝতে পেরে একজন গোলকিপার পোস্ট ছেড়ে এগিয়ে এলেন এবং প্রতিপক্ষের খেলোয়াড় শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করলেন। সেখানে কোনো সেভ নেই, হাইলাইটস নেই, এমনকি চোখে পড়ার মতো পরিসংখ্যানও তৈরি হলো না। অথচ তাঁর সিদ্ধান্তটি একটি দুর্দান্ত ওয়ান-অন-ওয়ান সেভের মতোই গুরুত্বপূর্ণ হতে পারে।

একইভাবে গোলকিপারের সঠিক অবস্থান নেওয়া, সতীর্থদের সঙ্গে যোগাযোগ, বল বিতরণ এবং রক্ষণভাগের পেছনের জায়গা নিয়ন্ত্রণ করার মতো কাজগুলোও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বিপদ তৈরি হওয়ার আগেই তা ঠেকিয়ে দেওয়া গোলকিপারের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। কিন্তু এসব অবদানের মূল্যায়ন গোল ও অ্যাসিস্টের মতো সহজে করা যায় না।

গোলকিপারের প্রভাব শুধু গোল ঠেকানোয় নয়

গোলকিপারের অবদান শুধু প্রতিপক্ষের শট ঠেকানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁর উপস্থিতি পুরো দলের মানসিকতা ও খেলার ধরনেও প্রভাব ফেলে। নটিংহাম ফরেস্টের কিংবদন্তি কোচ ব্রায়ান ক্লফ গোলকিপার পিটার শিলটনের গুরুত্ব বোঝাতে বলেছিলেন, একজন ভালো গোলকিপার মৌসুমে দলকে ১৫ থেকে ২০ পয়েন্ট এনে দিতে পারেন।

ক্লফের বক্তব্যের তাৎপর্য ছিল, শিলটনের মতো গোলকিপার সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতেন। পেছনে নির্ভরযোগ্য একজন খেলোয়াড় থাকায় ডিফেন্ডাররা আরও আগ্রাসীভাবে খেলতে পারতেন। ফরোয়ার্ডরাও বিশ্বাস করতেন, ম্যাচ জেতার জন্য হয়তো একটি গোলই যথেষ্ট।

দল যখন চাপে থাকে, তখন একটি দুর্দান্ত সেভ সতীর্থদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। অন্যদিকে, একের পর এক সুযোগ পেয়েও গোল করতে না পারলে প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে হতাশা তৈরি হতে পারে। গোলকিপারের এসব প্রভাব সরাসরি পরিসংখ্যানে ধরা কঠিন। ম্যাচের পর আলোচনায় হয়তো সেগুলো খুব বেশি জায়গা পায় না, কিন্তু পুরো ম্যাচের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখানেই গোলকিপার ও আক্রমণভাগের খেলোয়াড়দের মূল্যায়নের পার্থক্য স্পষ্ট হয়। একজন ফরোয়ার্ড বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেও শেষ মুহূর্তে গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠতে পারেন। অন্যদিকে, একজন গোলকিপার ৮৯ মিনিট দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর একটি ভুলেই সমালোচনার মুখে পড়তে পারেন। ২০০২ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অলিভার কানের অভিজ্ঞতা এরই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

ইয়াশিন ট্রফিই কি সান্ত্বনা?

ব্যালন ডি’অর জিততে শুধু ভালো পারফরম্যান্স যথেষ্ট নয়; খেলোয়াড়কে ঘিরে একটি স্মরণীয় গল্পও তৈরি হয়। গোল, অ্যাসিস্ট কিংবা ম্যাচজয়ী মুহূর্ত সহজেই সেই গল্পের কেন্দ্র হয়ে ওঠে। গোলকিপারদের অবদান অনেক সময় পুরো ম্যাচজুড়ে ছড়িয়ে থাকে, ফলে তাঁদের পারফরম্যান্সকে একইভাবে তুলে ধরা কঠিন হয়।

২০১৯ সাল থেকে গোলকিপারদের জন্য আলাদা করে ইয়াশিন ট্রফি দেওয়া হচ্ছে। এটি তাঁদের দক্ষতার স্বীকৃতি দিলেও মূল ব্যালন ডি’অর জয়ের প্রশ্নটির সমাধান করে না।

গোলকিপারদের মূল্যায়নে শুধু ক্লিন শিট বা গোল হজম না করার রেকর্ডের ওপর নির্ভর করাও যথেষ্ট নয়। একজন গোলকিপার কতগুলো সম্ভাব্য গোল ঠেকিয়েছেন, বিপজ্জনক জায়গা কতটা নিয়ন্ত্রণ করেছেন, কখন কী সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর উপস্থিতি দলকে কীভাবে খেলতে সাহায্য করেছে এসব বিষয়ও বিবেচনায় আনা জরুরি।

এসব নিয়ে বিশ্লেষণ একেবারেই হয় না, তা নয়। তবে গোল ও অ্যাসিস্টের তুলনায় আলোচনা অনেক কম। গোলকিপারদের অবদানকে অন্য পজিশনের খেলোয়াড়দের সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা না গেলে তাঁরা ব্যালন ডি’অরের আলোচনায় কাছাকাছি পৌঁছেও প্রকৃত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন না।

ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর একটি হলো গোল। আর সেই মুহূর্তটি রুখে দেওয়ার দায়িত্ব যাঁর, তাঁর অবদানই অনেক সময় থেকে যায় আড়ালে। ব্যালন ডি’অরের ইতিহাসে গোলকিপারদের দীর্ঘ বঞ্চনার গল্পটি তাই শুধু একটি পুরস্কার না পাওয়ার কাহিনি নয়; এটি ফুটবলে সাফল্য মাপার প্রচলিত দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।