ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাইশ গজে যেন এক টর্নেডো বয়ে গেল। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে মাত্র ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী যা করে দেখালেন, তা রূপকথাকেও হার মানায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এই কিশোর প্রতিভা মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করে আইপিএল ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন। অভিজ্ঞ বোলিং আক্রমণকে তুচ্ছজ্ঞান করে তাঁর এই অতিমানবীয় ব্যাটিং পারফরম্যান্স এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ম্যাচে জয়ের জন্য ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন সূর্যবংশী। ইনিংসের গোড়াতেই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দেন এই তরুণ তুর্কি। তবে ঝড়ের আসল রূপ দেখা যায় অজি স্পিডস্টার জশ হ্যাজলউডের ওভারে। সেই ওভারে হ্যাজলউডকে তিনটি চারের পাশাপাশি একটি বিশাল ছক্কা হাঁকিয়ে ১৯ রান তুলে নিয়ে বেঙ্গালুরু শিবিরের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেন তিনি। তাঁর সাহসী ব্যাটিংয়ের মুখে দিশাহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর বোলিং লাইনআপ।
মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করার মধ্য দিয়ে আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির তালিকায় লোকেশ রাহুল ও ইউসুফ পাঠানের পাশে নিজের নাম লেখালেন সূর্যবংশী। মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে তিনি খেলেন ২৬ বলে ৭৮ রানের এক বিধ্বংসী ইনিংস। দৃষ্টিনন্দন এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৭টি গগনচুম্বী ছক্কা। ক্রিজে যতক্ষণ ছিলেন, একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন এই বিস্ময়বালক।
শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিনি রাজস্থান রয়্যালসের জয়কে হাতের মুঠোয় নিয়ে আসেন। সূর্যবংশীর তৈরি করে দেওয়া সেই মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাচ শেষ করতে রাজস্থানকে আর খুব বেশি বেগ পেতে হয়নি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএলের মতো বৈশ্বিক টুর্নামেন্টে এত অল্প বয়সে এমন পরিপক্ব ও আগ্রাসী ব্যাটিং ভবিষ্যৎ ক্রিকেটে এক নতুন সুপারস্টারের আগমণী বার্তা দিচ্ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।