ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাইশ গজে ব্যাট হাতে যখন রেকর্ড ভাঙার উৎসবে মেতেছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী, ঠিক তখনই মাঠের বাইরের এক আইনি জটিলতা তাঁর ক্যারিয়ারের সামনে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজস্থান রয়্যালসের এই কনিষ্ঠ তুর্কিকে ঘিরে ভারতের কর্ণাটকে শুরু হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক দাবি করেছেন, এত অল্প বয়সে সূর্যবংশীকে আইপিএলের মতো উচ্চ-চাপ ও বাণিজ্যিক একটি আসরে খেলানো আসলে ‘শিশুশ্রম’ এবং ‘শোষণের’ নামান্তর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় শিবকুমার নায়েক তাঁর কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, পেশাদার ক্রিকেট ব্যবস্থার মাধ্যমে কিশোর সূর্যবংশীকে আর্থিকভাবে শোষণের পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিনি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে থানায় একটি প্রাথমিক তথ্য বিবরণী বা ‘এফআইআর’ (FIR) করার আবেদন জানিয়েছেন।
ক্ষুব্ধ শিবকুমার ভিডিওতে প্রশ্ন তুলে বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে কেবলই এক শিশু। এই বয়সে তাকে আইপিএলের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেশাদার ক্রিকেটে নিয়ে আসা হয়েছে, যা সরাসরি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।’ তিনি আরও যোগ করেন যে, ক্রিকেট খেলার বদলে এই বয়সে সূর্যবংশীর উচিত ছিল স্কুলে গিয়ে তাঁর শিক্ষা জীবন সম্পন্ন করা। এমন নজির দেশের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত নেতিবাচক বার্তা দিচ্ছে বলেও তিনি মনে করেন।
অথচ মাঠের পরিসংখ্যানে সূর্যবংশী এখন এক বিস্ময়ের নাম। ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে তাঁর আইপিএলে অভিষেক হয়েছিল। গত দুই মৌসুম ধরে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০২৫ ও ২০২৬ আইপিএলের দুই আসর মিলিয়ে ১৭ ম্যাচে সূর্যবংশীর সংগ্রহ ৬৫৬ রান। তাঁর ব্যাটিং গড় ৩৮.৫৯ এবং ‘স্ট্রাইক রেট’ (Strike Rate) এক অবিশ্বাস্য ২২৪.৬৬! তাঁর ঝুলিতে রয়েছে দুটি দাপুটে সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি।
উল্লেখ্য, ২০২৫ সালের আসরে গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। মাত্র ৩৫ বলে সম্পন্ন করা সেই সেঞ্চুরিটি ছিল আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরান। সাফল্যের সেই ধারা বজায় রেখে ২০২৬ আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের আরেকটি মারকুটে ইনিংস খেলেছেন এই বাঁহাতি। কিন্তু এই অভূতপূর্ব সাফল্যের মাঝেই ‘শিশুশ্রম’ এর এই অভিযোগ টুর্নামেন্টের নীতিমালার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। রাজস্থান রয়্যালস বা বিসিসিআই কর্তৃপক্ষ এই আইনি হুমকির প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।