নেইমারের কীর্তি ছুঁলেন হাকিমি, পিএসজিতে নতুন রেকর্ড এনরিকের

পেশাদার ফুটবলে প্রায় এক দশকের ক্যারিয়ার আশরাফ হাকিমির। এরই মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মরক্কোর এই তারকা। জিতেছেন একাধিক চ্যাম্পিয়নস লিগ ও দুই দেশের ঘরোয়া লিগ শিরোপা। রাইটব্যাক হয়েও গোল করার দক্ষতায় নজর কেড়েছেন বহুবার। তবে ক্যারিয়ারে এত দিন একটি হ্যাটট্রিকের অপেক্ষা ছিল তাঁর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

ফ্রান্সের লিগ আঁ-তে গতকাল রাতে লা হাভ্রের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন হাকিমি। নিজের ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে তিন গোলের পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন তিনি।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোল অবদানের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) কীর্তি গড়া চতুর্থ খেলোয়াড় হয়েছেন হাকিমি। এর আগে ফ্রান্সের লিগ আঁ-তে সর্বশেষ এমন নজির গড়েছিলেন নেইমার। ২০২২ সালে পিএসজির হয়ে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

শুধু তা-ই নয়, ২০১৫-১৬ মৌসুম থেকে হিসাব করলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা একমাত্র খেলোয়াড়ও এখন হাকিমি।

এ ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন মরক্কোর এই ফুটবলার। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানায় আসার পর আনুষ্ঠানিক প্রতিযোগিতায় পিএসজির ২ হাজারতম গোলটি করেছেন তিনি।

ম্যাচ শেষে পিএসজি টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় হাকিমি বলেন, ‘আমার জন্য এটি একটি দারুণ (স্থানীয় সময়) সন্ধ্যা, বিশেষ করে আমরা জয় পাওয়ায় এবং পাশাপাশি এটি আমার প্রথম হ্যাটট্রিকও। আমি খুবই আনন্দিত এবং এ জার্সিতে যতটা বেশি সম্ভব গোল করতে চাই।’

হাকিমির দুর্দান্ত পারফরম্যান্সের রাতে নতুন রেকর্ড গড়েছেন পিএসজি কোচ লুইস এনরিকেও। ২০২৩ সালে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তাঁর ১২৭তম জয়। এর আগে লঁরা ব্লাঁর সঙ্গে সমান ১২৬টি জয় নিয়ে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন এনরিকে। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে পিএসজির ইতিহাসে সর্বোচ্চ জয়ের কোচ হলেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।