বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগের সত্যতা উঠে এসেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বিসিবি। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল।
ওই রিটের শুনানিতে বিসিবির পক্ষ থেকে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে করা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। বিসিবির আইনজীবী জানান, ওই প্রতিবেদনে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে মাহিন এম রহমান বলেন, প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে না। এতে গোপনীয়তার নীতিমালা লঙ্ঘিত হতে পারে এবং ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের ঝুঁকি রয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী হবে বলেও প্রতিবেদন প্রকাশ করা হবে না।
বিসিবির এই আইনজীবী আরও জানান, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করেছে বিসিবি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।