টুর্নামেন্টের মাঝপথেই বিদায়, অধিনায়ককে হারাল বাংলাদেশ

নারী ইমার্জিং নেশনস ট্রফি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাহিদা আক্তার। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে আসর থেকেই ছিটকে যেতে হলো বাঁহাতি এই স্পিনারকে।

শুক্রবার (১৩ নভেম্বর) নাহিদাকে ছাড়াই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত সহ-অধিনায়ক সোবহানা মোস্তারি।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চোট পান নাহিদা। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে শাওয়াল জুলফিকারের একটি শট ফলো থ্রুতে ধরতে গিয়ে ডান হাতের তর্জনিতে আঘাত পান তিনি। পরে ম্যাচ শেষে আঙুলে অস্বস্তি অনুভব করেন নাহিদা। সেই চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তাঁর।

পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দলটি।

দুই ম্যাচে একটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা নেদারল্যান্ডস।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।