চীনের মাটিতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী হকি দল। বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে চীনকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। শুরুতেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
এরপর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৬ মিনিটে কনা আক্তার করেন দলের তৃতীয় গোল। ফলে প্রথমার্ধের শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমা দলের চতুর্থ গোলটি করেন। মাত্র দুই মিনিট পর, ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ব্যবধান ৫-০ করেন।
ম্যাচের শেষদিকে আরও একবার চীনের জালে বল পাঠায় বাংলাদেশ। ৪৮ মিনিটে মোসাম্মত লিমা নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করেন। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
চীনের মাটিতে বাংলাদেশের নারী হকি দলের এমন দাপুটে পারফরম্যান্সকে দেশের নারী হকির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
এই সাফল্যের পর বাংলাদেশের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরবর্তী প্রতিপক্ষ হিসেবে এলিট গ্রুপের জাপানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।