২০ নম্বর দলের কাছেও বিধ্বস্ত লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই যেন দিনে দিনে আর্নে স্লটের কাছে এক তিক্ত অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। কয়েক দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে, প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে তিনি আর আগের মতো আনন্দ পান না। গতকাল রাতে লিগ টেবিলের একেবারে তলানিতে থাকা দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে তাঁর শিষ্যদের ২-১ গোলের অভাবনীয় হার সেই তিক্ততাকে যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তা স্লটের ম্যাচ পরবর্তী হতাশ মুখাবয়ব দেখেই স্পষ্ট বোঝা গেছে। সহজ কথায়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল এবারের আসরে লিগের সবচেয়ে দুর্বল ও ২০ নম্বর দলের কাছে হেরে এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে।

মলিনিউক্স স্টেডিয়ামে গতকালের ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। খেলার ৭৮ মিনিটে রদ্রিগো গোমেজের গোলে এগিয়ে গিয়ে লিভারপুল শিবিরে প্রথম ধাক্কাটি দেয় উলভস। তবে ৮৩ মিনিটে দলের ত্রাতা হয়ে মোহাম্মদ সালাহ গোল করে সমতা ফেরালে ভক্তরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু সেই স্বস্তি উবে যায় যোগ করা সময়ের অতিরিক্ত চতুর্থ মিনিটে (৯৪ মিনিট)। আন্দ্রের করা জয়সূচক গোলে লিভারপুলকে স্তব্ধ করে দিয়ে ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

ম্যাচের শেষ দিকে গোল করার জন্য লিভারপুলের ঐতিহাসিক খ্যাতি থাকলেও, এবারের মৌসুমে চিত্রটা সম্পূর্ণ উল্টো। প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুমে এ নিয়ে মোট ৫টি ম্যাচে ৯০ মিনিটের পর অর্থাৎ ইনজুরি টাইমে গোল হজম করে পরাজয় বরণ করল অলরেডরা। এটি প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো দলের জন্য বিরল ও লজ্জাজনক এক রেকর্ড; এর আগে কোনো দল এক মৌসুমে যোগ করা সময়ে গোল খেয়ে এতগুলো ম্যাচ হারেনি। ম্যাচ শেষে স্লট চরম আক্ষেপের সাথে বলেন, “কী বলব? সেই একই পুরোনো গল্পের পুনরাবৃত্তি হচ্ছে।”

এই পরাজয়ের ফলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরেই আটকে রইল লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ১৬, যা কার্যত তাদের শিরোপার দৌড় থেকে ছিটকে দিয়েছে। অন্যদিকে, ২৮ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্ট। আজ রাতে ভিলার বিপক্ষে চেলসি জয় পেলে লিভারপুলকে টপকে তারা তালিকার পাঁচে উঠে আসবে, ফলে স্লটের দলকে নামতে হবে ছয়ে। হাতে মাত্র ৯টি ম্যাচ থাকা অবস্থায় এমন হোঁচট আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনাকেও প্রবল শঙ্কায় ফেলে দিয়েছে।

উলভসের মাঠে হারের পর স্লট বলেন, “যোগ করা সময়ে গোল হজম করাটা হয়তো কাকতালীয় হতে পারে, কিন্তু এ মৌসুমে আমাদের সঙ্গে এটি বারবার ঘটছে। আজ আমরা প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দিইনি, কিন্তু ওই একটি সুযোগ থেকেই দুটি গোল হজম করতে হয়েছে।” উলভসের কোচ রব এডওয়ার্ডস অবশ্য এই জয়কে দারুণভাবে উদযাপন করছেন। ২০১৭-১৮ মৌসুমে ওয়েস্ট ব্রমউইচের পর উলভসই প্রথম দল হিসেবে টেবিলের তলানিতে থেকেও এক মৌসুমে শীর্ষ পাঁচের দুটি দলকে (অ্যাস্টন ভিলা ও লিভারপুল) হারানোর কৃতিত্ব দেখালো। এই জয়ের পর ৩০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে থাকলেও আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে উলভস।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।