অবসরের ভাবনা বদলালেন রোনালদো, থাকছেন পর্তুগাল দলে

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন তিনি। এমনকি সেই সময়ের জন্য সমর্থকদের উদ্দেশে একটি চিঠিও লিখে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত বদলেছেন এই পর্তুগিজ তারকা।

রোনালদোর সিদ্ধান্ত বদলের পেছনে বড় ভূমিকা রেখেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প থেকে হঠাৎ বেরিয়ে যাওয়ার পর দেশে ফেরার বিমানে ফেডারেশনের সভাপতি তার সঙ্গে কথা বলেন এবং দল থেকে সরে না যাওয়ার অনুরোধ করেন। ফেডারেশনের পক্ষ থেকে রোনালদোকে দলে রাখার আগ্রহের কথাও জানানো হয়।

এর আগে পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর রোনালদোকে ঘিরে অবসরের জল্পনা তৈরি হয়েছিল। কোচ জর্জ জেসুসের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলেও খবর ছড়ায়। ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়ে রোনালদো লিখেছিলেন, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলে তিনি ক্যাম্প ছাড়ছেন। সতীর্থ ও পর্তুগালের জন্য শুভকামনাও জানিয়েছিলেন তিনি।

রোনালদোর ওই পোস্টের ভাষা থেকেই অনেকের ধারণা হয়েছিল, হয়তো জাতীয় দলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। তবে পরে প্রায় ২ হাজার শব্দের এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন রোনালদো।

বিবৃতিতে কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে দুটি ঘটনায় কথা না রাখার অভিযোগ তোলেন তিনি। রোনালদোর ভাষ্য, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে ৩০ মিনিট খেলার সুযোগ দেওয়ার কথা বলা হলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। পরে কোচের সংবাদ সম্মেলনের বক্তব্যও আগের বৈঠকে বলা কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে অভিযোগ করেন তিনি।

তবে পুরো ঘটনার দায় এড়িয়ে যাননি রোনালদো। বরং ক্যাম্প ছেড়ে যাওয়াকে নিজের ভুল হিসেবে স্বীকার করে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। রোনালদো বলেন, ক্যাম্প ছেড়ে যাওয়া তার উচিত হয়নি এবং এর দায় পুরোপুরি তার নিজের। এমনকি দলের অধিনায়ক হিসেবে এ ঘটনায় ফেডারেশনের কাছ থেকে শাস্তি পাওয়াও তার প্রাপ্য বলে মনে করেন তিনি।

বিদায়ী ম্যাচ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, জীবনে কেউ কাউকে কিছু দেয় না। তবে সব সমর্থককে তিনি কথা দিতে পারেন এক বা একাধিক বিদায়ী ম্যাচ হবে। আর সেই বিদায়ের জন্য এখনো সময় আছে।

বর্তমানে রোনালদোর ভাবনায় অবশ্য বিদায় নয়, মাঠের লড়াই। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে, ক্লাবের হয়ে খেলতে পারলে এবং গোল করতে পারলে শাস্তি শেষ হওয়ার পর আবার জাতীয় দলের হয়ে লড়াই ও জয়ের জন্য প্রস্তুত থাকবেন।

সব মিলিয়ে কোচের সঙ্গে মতবিরোধ ও সাম্প্রতিক ক্ষোভ থাকলেও পর্তুগাল জাতীয় দলের প্রতি রোনালদোর টান এখনো অটুট তার সাম্প্রতিক বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।