২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। দিন শেষে হৃদয়ের প্রশংসা করেছেন ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
হৃদয়কে আউট করতে নিজেদের সব ধরনের কৌশল প্রয়োগ করেছেন বলে জানান রাবাদা। তিনি বলেন, ‘তিনি (হৃদয়) দারুণ খেলেছেন। আমরা আমাদের সব ধরনের অস্ত্র ব্যবহার করেছি। সত্যিই সবকিছু চেষ্টা করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে।’
হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়া তানজিদ হাসান মনে করেছিলেন, মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠেছিল। তবে রাবাদা কৃতিত্ব দিতে চান বাংলাদেশের ব্যাটারদের। তাঁর মতে, ব্যাটাররা দারুণ শৃঙ্খলা দেখিয়েছেন এবং উইকেট ধরে রেখে খেলেছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বোলারদের উইকেট পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে এরকমই হয়। এখানে বাউন্ডারি বের করা, বেশি রান রেটে রান তোলা সহজ। কারণ বল ব্যাটে আসে ভালোভাবে। এখানে ৪০ রানের (২২ রান) মধ্যে তারা ৩ উইকেট হারিয়েছে। পরে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। দারুণ শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং করে গেছে তারা। পিচ অত বদলায়নি। তাদের আউট করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ব্যাটাররা দারুণ খেলে গেছে। পিচ একইরকম ছিল সারা দিনে। নতুন বল ভালোভাবে কাজে লাগিয়েছি আমরা তবে পুরনো বলে পারিনি।’
দলের বোলিং নিয়েও কথা বলেছেন রাবাদা। ওয়ান্ডারার্সে বোলিং করা সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ওয়ান্ডারার্সে বল করা অত সোজা নয়। লেন্থ মিস করলেই রান দিতে হয়। যেভাবে জুটি বেঁধে বোলিং করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এখানে এগুলো বেশি দরকার। মাঝেমধ্যে কিছু ভালো বল হয়েছে। যথেষ্ট উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি বিশেষ করে পুরোনো বলে। ক্রিকেটে এরকমই হয়। ফলে এখন যেখানে আছি আমরা খুশি আছি। সাথে লড়াইটাও চালিয়ে যেতে হবে।’
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।