বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ওয়ানডে দলে রাখা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দুজনই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

পিঠের চোটের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই সিরিজেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার ডারসি ব্রাউন। অন্যদিকে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও এবার স্কোয়াডে জায়গা পাননি। দুই সিরিজের জন্য প্রায় একই দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা অস্ট্রেলিয়ার।

অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন। তবে নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই হ্যামিল্টন সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে আর ছয় দিন বাকি। বর্তমানে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ১২ জন ক্রিকেটার রয়েছেন। নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর আরও একজন ক্রিকেটার দলে যোগ হতে পারেন বলে জানিয়েছেন ফ্লেগলার।

চোটের কারণে ডারসি ব্রাউনকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। তবে অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) কোনো এক পর্যায়ে তাকে মাঠে ফেরার প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড

নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।