হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দেওয়া বক্তব্যে মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করত। তবে বর্তমানে পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে দাবি করেন তিনি। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের কোনো জাহাজও এখন ওই এলাকায় কার্যক্রম চালাচ্ছে না বলে জানান আইআরজিসির এই মুখপাত্র।
মোহেব্বির ভাষ্য, মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিকে তিনি ‘পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা’ হিসেবে বর্ণনা করেন। দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই বলেও দাবি করেন তিনি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সক্ষম হয়েছে ওয়াশিংটনের এমন দাবির সঙ্গে ইরানের বক্তব্যের বিরোধ রয়েছে। এর আগেও আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচল ইরানের নজরদারির মধ্যে রয়েছে এবং প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনে এই জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর এক পাশে ইরান এবং অপর পাশে ওমান অবস্থিত।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রণালিটি ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-তৎপরতা এবং ইরানের পাল্টা অবস্থান নিয়ে একাধিক দাবি-পাল্টা দাবি সামনে এসেছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।