হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।
পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ওমানের নৌবাহিনী নাবিকদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
এদিকে একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, জাহাজগুলো অনুমোদনহীন পথে চলাচল করছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় অনুমোদনহীন পথে প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা। কয়েকবার বেতারবার্তার মাধ্যমে সতর্ক করা হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথে চলাচল করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে তেহরান।
আরেক জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও শুক্রবার জানিয়েছে, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে আরেকটি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটির নাবিকেরা নিরাপদে রয়েছেন।
হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ আগে এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় পাল্টা অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরও সীমিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।