মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজারে সামরিক বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। সোমবারের ওই হামলায় ক্রেতা-বিক্রেতা, পরিবহনশ্রমিকসহ অন্তত ৫০ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে টুর্ক বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর রাখাইনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। সোমবার দুপুরে বাজারটি যখন ব্যস্ত ছিল, তখন হামলাটি চালানো হয়। ওই সময় বাজারে ২০০টির বেশি দোকান খোলা ছিল এবং আশপাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
বাজারটিতে রাখাইন, রোহিঙ্গা, হিন্দু ও দেইংনেটসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্যবসা করতেন এবং কেনাকাটা করতে আসতেন। হামলার ফলে এসব সম্প্রদায়ের বেসামরিক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ফলকার টুর্ক বলেন, সর্বশেষ এই হামলা যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। তাঁর মতে, সংঘাতে জড়িত পক্ষগুলোকে হামলার লক্ষ্য নির্ধারণ, আনুপাতিকতা এবং বেসামরিক মানুষকে রক্ষায় প্রয়োজনীয় সতর্কতার নীতি মেনে চলতে হবে।
জাতিসংঘের মানবাধিকারপ্রধান বলেন, মিয়ানমারজুড়ে চলমান সংঘাতের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও গভীর হচ্ছে। তবে রাখাইন রাজ্যের মানুষের পরিস্থিতি অন্য অনেক এলাকার তুলনায় বেশি সংকটপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা, গুম, জোরপূর্বক শ্রম এবং সেনাবাহিনীতে জোর করে নিয়োগের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি উভয় পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। জাতিসংঘের আগের প্রতিবেদনগুলোতেও রাখাইনে বিমান হামলা ও বেসামরিক হতাহতের বিভিন্ন ঘটনা নথিভুক্ত হয়েছে।
এদিকে কিয়াউকতাওয়ে হামলার ঘটনায় শরণার্থী ফেরত পাঠানোর বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। মালয়েশিয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে। মিয়ানমারে চলমান সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতির কারণে কাউকে সেখানে জোর করে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়ে আসছেন ফলকার টুর্ক।
তিনি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনে জর্জরিত একটি দেশে মানুষকে জোর করে ফেরত পাঠানোর সময় এখন নয়। তাঁর মতে, মিয়ানমারে ফিরে গেলে অনেকের আবারও সহিংসতার শিকার হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে।
আন্তর্জাতিক আইনের ‘নন-রিফাউলমেন্ট’ নীতি অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো যাবে না, যেখানে তার নিপীড়ন, নির্যাতন, গুরুতর ক্ষতি বা অন্য কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মতো যেসব দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দিচ্ছে, তাদের সহায়তায় অন্য দেশগুলোকে বিকল্প সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন টুর্ক। জীবন রক্ষার জন্য মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইনের আওতায় আশ্রয় ও নিরাপত্তা পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।